আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে বৃক্ষনিধনের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী বিদ্যানিকেতনের পাশের সড়কে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, কোনো ধরনের পরিকল্পনা বা পরিবেশগত দিক বিবেচনা না করেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বৃক্ষনিধন বন্ধ করে নতুন করে গাছ লাগানোর দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সড়কের পরিচর্যাকারী রঞ্জন কুমার জানান, কে বা কারা রাতের অন্ধকারে সড়কটির চারা গাছগুলো গোড়া থেকে কেটে দিচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি সদস্যকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।
কাদাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য উত্তম কুমার দাশ বলেন, গত দুই বছরে এই সড়কের পাশে গাছগুলো লাগানো হয়েছিল। কিন্তু অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা নিয়মিত গাছ কেটে ফেলছে। গত মঙ্গলবার সকালেও বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।






