কপোতাক্ষ নদের তীরে ৫ হাজার ম্যানগ্রোভ চারা রোপণ শুরু
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে কপোতাক্ষ নদের তীর সংরক্ষণে ম্যানগ্রোভ বন সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৫ হাজার ম্যানগ্রোভ ও ৮০০ নিম গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে কপোতাক্ষ নদের তীরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বেসরকারি সংস্থা ‘উত্তরণ’-এর বাস্তবায়নে এবং ‘অ্যাকসেস’ প্রকল্পের সহায়তায় উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে এটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহরাব হোসেন ও উত্তরণের সহকারী প্রকল্প কর্মকর্তা আম্বিয়া খাতুন।
আয়োজকেরা জানান, নদীর পাড় ভাঙন রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কপোতাক্ষের তীরে এই ম্যানগ্রোভ বন রক্ষা ও সম্প্রসারণের কাজ বিশেষ ভূমিকা রাখবে।






