বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পাওবো কর্মকর্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পাওবো কর্মকর্তা

Oplus_16908288

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা সদর বাজার ও মরিচ্চাপ ব্রীজ নদী ভাঙ্গনে হুমকিগ্রস্থ হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাওবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক, এসডিই রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিন্টু, জামায়াত নেতা মাওঃ রুহুল কুদ্দুস, বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশাশুনি প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।

ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাসকিয়া সাংবাদিকদের জানান, ভয়াবহ ভাঙ্গনের বিষয়ে অবহিত হয়ে সরজমিনে পরিদর্শনে এসেছি। তিনি বলেন, মরিচ্চাপ নদী নতুন করে খননের পর পূর্বের চলমান বাজার সংলগ্ন নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করেছে। আগামী ১ সপ্তাহের মধ্যে দ্রুত কার্যকরী ব্যবস্থা হিসেবে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হবে। উপস্থিত সূধীজনের দাবীর মুখে স্থায়ী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা হিসেবে সিসি ব্লক কাজ করা হবে তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রকল্প পাঠানো হবে। তা পাশ হওয়া সাপেক্ষে ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গতঃ মরিচ্চাপ নদী খননের পর সদর বাজার ও মরিচ্চাপ নদীর উপর নির্মিত মরিচ্চাপ ব্রীজ এলাকা ভয়াবহ নদী ভাঙ্গন পূর্বের থেকে প্রকট আকার ধারণ করেছে। ফলে বাজার ও ব্রীজ হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। বাজারের অসংখ্য দোকানপাট, পাউবো সহ সরকারি বেসরকারি অফিস, বসতবাড়ী যে কোন মুহূর্তে মরিচ্চাপ নদী গর্ভে বিলীন হতে পারে। ইতোমধ্যে, ব্রীজ সংলগ্ন একটি পাকা বসত বাড়ী নদী গর্ভে চলে গেছে।

 

উপস্থিত ব্যক্তিবর্গ দ্রুত এবং পর্যায়ক্রমে বাজার রক্ষায়, ব্রীজ ও ব্রীজের উত্তর পার্শ্বে চাপড়া-মাদ্রা গ্রামের ভাঙ্গনও প্রকট আকার ধারন করেছে। মাদ্রা গ্রামের সামনে ভাঙ্গনও দ্রুত পদক্ষেপ না নিলে ওই গ্রামের বাড়ী ঘর নদী গর্ভে চলে যাবে। দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে পাউবো’র উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী এলাকাবাসি।

 

Ads small one

দেবহাটায় আটককৃত ৪৮ ক্যারেট আমে ক্যামিকেল, পরে বিনষ্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
দেবহাটায় আটককৃত ৪৮ ক্যারেট আমে ক্যামিকেল, পরে বিনষ্ট

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪৮ ক্যারেট আম আটক করে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে দেবহাটা ফুটবল মাঠে জব্দকৃত এসব আম ধ্বংস করা হয়।

জানা যায়, গত ৫-৬ দিন আগে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকা থেকে অভিযান চালিয়ে ৪৮ ক্যারেট আম জব্দ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান। আমগুলোতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়েছে কি না তা নিশ্চিত হতে সেগুলো উপজেলা গুদামে সংরক্ষণ করে পরীক্ষা করা হয়।

পরবর্তীতে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা পরীক্ষার মাধ্যমে আমগুলোতে ক্যামিক্যাল মিশ্রণের প্রমাণ পান। এর ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার নির্দেশনায় জব্দকৃত আম বিনষ্টের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় দেবহাটার অতিরিক্ত দায়িত্বে থাকা কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে ফুটবল মাঠে আমগুলো ধ্বংস করা হয়।

বিনষ্ট কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যে ভেজাল মিশ্রণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সাতক্ষীরায় ভ্যান চুরির অভিযোগে ধরা দুই যুবক, পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সাতক্ষীরায় ভ্যান চুরির অভিযোগে ধরা দুই যুবক, পুলিশে সোপর্দ

মিলন বিশ্বাস: সাতক্ষীরা পৌরসভার রইচপুর রাজ্জাকের মোড় এলাকায় নকল চাবি ব্যবহার করে ভ্যান চুরির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-যশোর স্টেশন এলাকার জনাব আলীর ছেলে সোহাগ হোসেন তুহিন (২৫) এবং চুকনগর গ্রামের আজিজ সরদারের ছেলে রাসেল সরদার (২৮)।

ভুক্তভোগী ভ্যানচালক আজগার আলী (২৮) জানান, তিনি তার ভ্যানটি রাস্তার পাশে রেখে প্রাকৃতিক কাজে গেলে ফিরে এসে দেখেন এক ব্যক্তি তার ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে এবং আরেকজন পেছনে বসে আছে।

তিনি বলেন, আমার পকেটে ভ্যানের চাবি থাকা সত্ত্বেও দেখি ভ্যানে অন্য একটি তালা লাগানো। আমি দৌড়ে গিয়ে ভ্যানের পেছন ধরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে।

পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে একটি নকল চাবি উদ্ধার করা হয়, যা দিয়ে তারা ভ্যানটি চালু করেছিল বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ হোসেন তুহিন দাবি করেন, তাকে এক হাজার টাকার বিনিময়ে ভ্যানটি চালিয়ে নিয়ে যেতে বলা হয়েছিল। তাকে জানানো হয়েছিল, ভ্যানটি তার খালাতো ভাইয়ের এবং সেই হিসেবে তাকে চাবি দেওয়া হয়। তবে অপর আটক রাসেল সরদারের সঙ্গে তার পূর্ব পরিচয় নেই বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর স্থানীয়রা ইটাগাছা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে হেফাজতে নেয়।
এলাকাবাসী জানান, আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করে তারা সচেতনতার পরিচয় দিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রামবাসীরা আমাদের বিষয়টি জানিয়েছেন। অভিযুক্তদের আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির আনুলিয়ায় বজ্রাঘাতে এক ঘের ব্যবসায়ীর মৃত হয়েছে। নিহত ব্যবসায়ী এমডি সুমন হোসেন (২৮)। তিনি আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।

পারিবারিক সুত্রে জানাগেছে, সুমন প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে দক্ষিণ একসরা বিলে তার মৎস্য ঘেরে যান। রাতে ঘেরের বাসায় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। সকালে আব্দুল জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমন বলে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে বাসার ভিতরে গিয়ে দেখেন মৃতাবস্থায় পড়ে আছে। এসময় জলিল তার পরিবারের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

 

বৃহস্পতিবার আছর নামাজ বাদ দক্ষিণ একসরা জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে সে পিতা-মাতা, স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।