কপিলমুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: দেশজুড়ে সরকারি নির্দেশনার অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বুধবার সকালে রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জোনভিত্তিক এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে ৯টায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) আহ্বায়ক এম আজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।
রেজাকপুর কাশিমনগর জোনের এই প্রতিযোগিতায় ওই এলাকার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠে খুদে ফুটবলারদের লড়াই আর গ্যালারিতে সহপাঠীদের হর্ষধ্বনি সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান গাজী, পাপিয়া সুলতানা, সুশান্ত শীল, শিপ্রা বর, পবিত্র দাস, শরিফুন্নাহার প্রমুখ। খেলাটি পরিচালনা করেন কেকেএসপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্যে এম আজাদ হোসেন বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে আগামী দিনের ফুটবলাররা উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি।” আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জোনের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং শ্রেষ্ঠ দলকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে।










