কলারোয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
কলারোয়া প্রতিনিধি: নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
কলারোয়া বাসস্ট্যান্ডের বিশ্বাস মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন পারভেজ ও রুহুল আমিন খোকন, ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হোসেন, কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান আকিব, স্বেচ্ছাসেবক দলের নেতা মুসা কারিম, শামীমুর রহমান দোয়েল, আলতাব হোসেন, সবুজ, হাসানুর ও আনারুলসহ অন্যান্য নেতারা। সমাবেশে বক্তারা রাজনৈতিক নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং তৃণমূলের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।









