কলারোয়া সীমান্তে তিন লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি
পত্রদূত ডেস্ক: কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ জুন সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) মাদরা ও সুলতানপুর বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর নামক স্থান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। অন্যদিকে, সুলতানপুর বিওপির একটি দল সীমান্ত পিলার ১৫/৫-এস থেকে ৩০০ গজ ভেতরে তালসারি মাঠ এলাকা থেকে ১৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ‘উইনসেরেক্স’ নামের নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করে। বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে চোরাপথে এসব পণ্য আনায় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর অবস্থানকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।









