রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী ইমদাদুল হকের জীবনদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
কাজী ইমদাদুল হকের জীবনদর্শন

প্রকাশ ঘোষ বিধান

বিংশ শতাব্দীর বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও প্রগতিশীল চিন্তাবিদ কাজী ইমদাদুল হকের জীবনদর্শন মূলত মানবতা, আধুনিক শিক্ষা, যুক্তিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার ওপর প্রতিষ্ঠিত। তৎকালীন অনগ্রসর ও রক্ষণশীল মুসলিম সমাজকে কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং বংশগত আভিজাত্যের অহংকার থেকে মুক্ত করে একটি শিক্ষিত, প্রগতিশীল ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলাই ছিল তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। সাহিত্য ও সমাজসংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বাঙালি মুসলমান সমাজকে আধুনিকতার পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

কাজী ইমদাদুল হকের জীবনদর্শনে প্রগতিশীলতা, মানবতাবাদ, সমাজসংস্কার ও যুক্তিনির্ভর আধুনিকতার এক অনন্য সমন্বয় লক্ষ করা যায়। তিনি এমন এক সময়ে সাহিত্যচর্চা ও সমাজসংস্কারে আত্মনিয়োগ করেছিলেন, যখন বাঙালি মুসলমান সমাজের একটি বড় অংশ শিক্ষায় পিছিয়ে ছিল এবং নানা কুসংস্কার ও গোঁড়ামির প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। তাঁর কালজয়ী উপন্যাস ‘আবদুল্লাহ’য় তৎকালীন সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে।

তাঁর জীবনদর্শনের মূল কেন্দ্রে ছিল মানুষ। ধর্মীয় পরিচয় কিংবা সম্প্রদায়গত বিভেদের ঊর্ধ্বে উঠে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ‘আবদুল্লাহ’ উপন্যাসে বরিহাটী স্কুলের বিদায়লগ্নে শিক্ষক আবদুল্লাহর বক্তব্যের মধ্য দিয়ে লেখকের এই মানবতাবাদী দর্শন স্পষ্ট হয়ে উঠেছে—“আশীর্বাদ করি, তোমরা মানুষ হও, প্রকৃত মানুষ হও—যে মানুষ হলে পরস্পর পরস্পরকে ঘৃণা করতে ভুলে যায়, হিন্দু মুসলমানকে, মুসলমান হিন্দুকে…”। এই বক্তব্যে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির যে আহ্বান রয়েছে, তা তাঁর জীবনদর্শনের অন্যতম ভিত্তি।

তৎকালীন মুসলিম সমাজে প্রচলিত আশরাফ-আতরাফ বিভাজন, বংশগত আভিজাত্যের অহংকার এবং উচ্চ-নিম্ন শ্রেণির কৃত্রিম ভেদাভেদের কঠোর সমালোচনা করেছেন তিনি। তাঁর দৃষ্টিতে মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হওয়া উচিত তার কর্ম, সততা ও মানবিক গুণাবলির ভিত্তিতে; বংশপরিচয়ের ভিত্তিতে নয়। সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে কৃত্রিম বিভাজন দূর করার প্রত্যয় তাঁর সাহিত্যকর্মে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

পীরপূজা, ছোঁয়াছুঁয়ি, অন্ধ ধর্মীয় গোঁড়ামি এবং মনগড়া ধর্মীয় ব্যাখ্যার বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন। তাঁর লেখায় ধর্মের নামে প্রচলিত অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কারের সমালোচনা উঠে এসেছে। তিনি যুক্তি, বিবেক ও বিচারবুদ্ধির সাহায্যে সমাজের অসংগতিগুলো দূর করার পক্ষে ছিলেন। তাঁর সাহিত্য কেবল সামাজিক ব্যাধির চিত্র তুলে ধরেনি; বরং সেসব থেকে উত্তরণের পথ খুঁজতেও মানুষকে উদ্বুদ্ধ করেছে।

নারীর অধিকার ও শিক্ষার প্রসারেও কাজী ইমদাদুল হকের দৃষ্টিভঙ্গি ছিল প্রগতিশীল। তৎকালীন সমাজে অবরোধপ্রথার কারণে নারীদের শিক্ষার সুযোগ ও সামাজিক অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছিল। নারীদের অন্ধকারে আবদ্ধ রেখে একটি সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়—এ উপলব্ধি তাঁর চিন্তায় গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। তিনি নারীশিক্ষা ও নারীর মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, সমাজের সামগ্রিক অগ্রগতির জন্য নারীকে শিক্ষিত ও সচেতন করে তোলা অপরিহার্য।

পেশাগত জীবনে শিক্ষাবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে গভীরভাবে সচেতন করেছিল। তিনি উপলব্ধি করেছিলেন, শিক্ষার প্রসার ছাড়া কোনো সমাজের প্রকৃত মুক্তি সম্ভব নয়। তবে তাঁর শিক্ষাভাবনা কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আধুনিক জ্ঞান-বিজ্ঞান, যুক্তিবাদী চিন্তা, আত্মমর্যাদা এবং সৎ উপায়ে স্বাবলম্বী হওয়ার মানসিকতা গড়ে তোলাকেও তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির জন্য আধুনিক শিক্ষার প্রসার এবং প্রচলিত চিন্তাধারার ইতিবাচক পরিবর্তন প্রয়োজন বলে তিনি বিশ্বাস করতেন।

কাজী ইমদাদুল হক ঐতিহ্যকে সম্পূর্ণ অস্বীকার না করেও আধুনিক ও প্রগতিশীল হওয়ার পথ দেখিয়েছেন। তাঁর চিন্তায় ধর্মীয় মূল্যবোধের সঙ্গে যুক্তিবাদ ও মানবতার কোনো মৌলিক বিরোধ ছিল না। বরং ধর্মের নামে গড়ে ওঠা কুসংস্কার ও সংকীর্ণতার পরিবর্তে বিবেক, সহমর্মিতা এবং নৈতিকতার চর্চাকে তিনি গুরুত্ব দিয়েছেন। এ কারণে তাঁর সাহিত্যকর্ম একদিকে যেমন তৎকালীন মুসলিম সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে, অন্যদিকে তেমনি সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষাকেও ধারণ করেছে।

তাঁর সাহিত্যপ্রতিভার স্বীকৃতিস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরও ‘আবদুল্লাহ’ উপন্যাসের প্রশংসা করেছিলেন বলে উল্লেখ করা হয়। এই উপন্যাসে মুসলিম সমাজের অভ্যন্তরীণ সংকট, ধর্মীয় গোঁড়ামি, সামাজিক বৈষম্য এবং আধুনিকতার আকাঙ্ক্ষা যে বাস্তবতার সঙ্গে তুলে ধরা হয়েছে, তা বাংলা সাহিত্যে বিশেষ তাৎপর্য বহন করে।

কাজী ইমদাদুল হকের জীবনদর্শনের মূল বাণী—‘মানুষ হও, প্রকৃত মানুষ হও’। এই আহ্বানের মধ্য দিয়ে তিনি মানুষের অন্তর্নিহিত সংকীর্ণতা, কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করে নৈতিকতা, পরমতসহিষ্ণুতা এবং সহানুভূতিশীলতার ভিত্তিতে সমাজ গঠনের কথা বলেছেন। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানুষের সর্বজনীন পরিচয়কে প্রাধান্য দেওয়ার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজও সমান প্রাসঙ্গিক।

কাজী ইমদাদুল হক তাঁর সাহিত্য ও কর্মের মধ্য দিয়ে বাঙালি মুসলমান সমাজে মুক্তবুদ্ধি, আধুনিক শিক্ষা, যুক্তিবাদ ও মানবতাবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর জীবনদর্শন আমাদের স্মরণ করিয়ে দেয়, সমাজের প্রকৃত অগ্রগতি কেবল অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষার বিস্তারে সীমাবদ্ধ নয়; এর জন্য প্রয়োজন মানুষের চিন্তা, বিবেক ও মূল্যবোধের পরিবর্তন। সাম্প্রদায়িক সংকীর্ণতা, সামাজিক বৈষম্য ও কুসংস্কারমুক্ত মানবিক সমাজ গঠনে তাঁর চিন্তা ও সাহিত্য আজও প্রেরণার উৎস।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদে এখন সোনালি ধানের হাসিমুখ। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নিবিড় পরিচর্যা ও পরামর্শে চলতি মৌসুমে উপকূলীয় এই জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। একদিকে মাঠজুড়ে সোনালি ফসলের সমারোহ এবং কৃষকের ঘরে নতুন ধান তোলার ব্যস্ততা আনন্দদায়ক হলেও অন্যদিকে বাজারে ধানের কাক্সিক্ষত দাম না পাওয়ায় কৃষকদের মুখে নেমে এসেছে উদ্বেগের ছায়া। একদিকে উৎপাদন খরচের ঊর্ধ্বগতি, অন্যদিকে তুলনামূলক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়াÑএই দুইয়ের যাঁতাকলে পড়ে দেশের অন্ন জোগানদাতা কৃষকরা আজ বড় বিপাকে পড়েছেন।

চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের এই বাম্পার ফলন প্রমাণ করে যে এ অঞ্চলের কৃষকদের শ্রম ও নিষ্ঠার কোনো কমতি নেই। তবে এই সাফল্যের পেছনেও রয়েছে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ। বিশেষ করে কৃত্রিম জলাবদ্ধতার কারণে জেলার বিভিন্ন উপজেলার অন্তত ১ হাজার ৭০২ হেক্টর জমি অনাবাদি থেকে গেছে। বছরের পর বছর জলাবদ্ধতা নিষ্কাশনের টেকসই ব্যবস্থা না থাকায় শত শত হেক্টর উর্বর কৃষিজমি চাষের বাইরে থেকে যাচ্ছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় অশনিসংকেত। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে কৃষির এই অর্জন হুমকির মুখে পড়তে পারে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রাপ্তি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি মণ মোটা ধান ১ হাজার টাকা এবং চিকন ধান ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বর্তমান বাজারে সার, বীজ, কীটনাশক, সেচ ও কৃষি শ্রমিকের মজুরিসহ সব উপাদানের দাম বহুগুণ বেড়েছে। অনেক কৃষক চড়া সুদে ঋণ নিয়ে কিংবা জমি ইজারা নিয়ে চাষাবাদ করেছেন। বর্তমান বাজারদরে ধান বিক্রি করলে শুধু লাভের মুখ দেখাই নয়, বরং উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। কৃষকের এই আর্থিক হতাশা দীর্ঘস্থায়ী হলে তা আগামী বোরো বা পরবর্তী মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু কেবল ফলন বৃদ্ধিই যথেচ্ছ নয়; বরং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা রাষ্ট্রের সর্বাগ্রে দায়িত্ব। ধান উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কৃষকরা যদি তাঁদের পরিশ্রমের সঠিক মূল্য না পান, তবে কৃষিকাজ থেকে তাঁদের আগ্রহ কমে যাওয়ার শঙ্কা থাকে।

এমতাবস্থায়, কৃষকদের রক্ষায় সরকারের পক্ষ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের প্রক্রিয়া আরও গতিশীল ও স্বচ্ছ করা প্রয়োজন। প্রান্তিক ও প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরাসরি তাঁদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় নিশ্চিত করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটতে না পারে। একই সঙ্গে সাতক্ষীরার জলাবদ্ধতা কবলিত ১ হাজার ৭০২ হেক্টর জমি দ্রুত চাষের উপযোগী করতে স্থায়ী নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্নদাতাদের মুখে স্থায়ী হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা টেকসই রাখতে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি কৃষি ভর্তুকি ও প্রণোদনা আরও কার্যকর করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

 

 

 

আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বেউলা গ্রামের আমানুর হোসেনের ছেলে ইমন হোসেন, মুন্না শেখের ছেলে রিয়াদ হোসেন ওরফে আতিক এবং কুলতিয়া গ্রামের অজিত ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়।

শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

 

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহমেদ ইমন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর বাবা শাহাজান কবির পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শার্শা থানা পুলিশ। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের শাহজাহান সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তাঁর বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল উইনসেরেক্স ও ২০ বোতল ইস্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ইমনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শাহাজান কবিরকে আটকের চেষ্টা চলছে।