কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র মেধা অন্বেষণ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষা ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী উদ্যোগ ‘আগামীর পাঠশালা’র আয়োজনে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কালিগঞ্জের নলতা অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মো. আইয়ুব হোসেন মুকুলের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বায়েজীদ, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, নলতা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় কালিগঞ্জ উপজেলার ৩৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। দুই ধাপের প্রতিযোগিতার প্রথম ধাপ থেকে নির্বাচিত ১৮০ জন শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ২০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের মধ্যে স্কুলপর্যায়ে ১০ জন, কলেজপর্যায়ে পাঁচজন এবং মাদ্রাসাপর্যায়ে পাঁচজন রয়েছে। বিজয়ীদের এক বছরের জন্য মাসিক শিক্ষাবৃত্তি, মেডেল, ক্রেস্ট, সনদ ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের পক্ষ থেকে বিশেষ উপহারের ব্যবস্থা ছিল। আয়োজকরা জানান, গ্রামাঞ্চলের সুপ্ত মেধা খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ বকুল।











