বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

খালের মাঝে ৩৩ লাখ টাকার সেতু, সংযোগ সড়ক না থাকায় ৫ গ্রামের মানুষের দুর্ভোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
খালের মাঝে ৩৩ লাখ টাকার সেতু, সংযোগ সড়ক না থাকায় ৫ গ্রামের মানুষের দুর্ভোগ

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী এলাকায় প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা সেতু এখন এলাকাবাসীর কাছে যেন ‘খালের মাঝখানের দ্বীপ’। সেতুর মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় এক মাস আগে। কিন্তু এখনো দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণ না হওয়ায় সেটি কোনো কাজেই আসছে না। ফলে টেংরাখালীসহ আশপাশের পাঁচ গ্রামের হাজারো মানুষ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে একটি নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

​স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণে নানা অনিয়ম করা হয়েছে। এমনকি সংযোগ সড়কের জন্য নির্ধারিত স্থান থেকে মাটি কেটে বাইরে বিক্রি করে দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে স্থানীয়দের দুর্ভোগ আরও বেড়েছে।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে টেংরাখালী গ্রামের দাউদ গাজীর বাড়ির সামনে সীমানার খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করে ‘আরিফ এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

​এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস আগে সেতুর মূল ঢালাই ও নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যায়। কিন্তু দুই পাশে মাটি ভরাট করে সংযোগ সড়ক তৈরি না করায় সেতুতে ওঠানামার কোনো সুযোগ নেই। ফলে টেংরাখালী, পার্শ্বেখালী, মিরগাং, কালিঞ্চী ও ঠাকুরঘেরী গ্রামের মানুষ এখনো পুরোনো ও ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা।

​স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের সময় সংযোগ সড়কের জন্য নির্ধারিত স্থান থেকে স্কেভেটর (ভেকু) দিয়ে বিপুল পরিমাণ মাটি কেটে বাইরে বিক্রি করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে সড়কের দুই পাশে গভীর খাদের সৃষ্টি হয়েছে। এতে সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় মাটির সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে খাদের কারণে আশপাশের কয়েকটি বসতবাড়িও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

​ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ গাজী অভিযোগ করে বলেন, “সেতু হয়েছে ঠিকই, কিন্তু আমাদের ওঠানামার কোনো রাস্তা নেই। উল্টো ঠিকাদার মাটি কাটতে গিয়ে আমার বসতঘর খালের মধ্যে ভেঙে পড়েছে। পিআইও অফিসে বিষয়টি জানিয়েও কোনো প্রতিকার পাইনি।”

​রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ লাল্টু বলেন, “সেতুটির সংযোগ সড়ক না থাকায় মানুষের দুর্ভোগের বিষয়টি সত্য। আমি নিজে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) বিষয়টি জানিয়েছি। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

​জানতে চাইলে শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন বলেন, “ঠিকাদারকে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষা ও বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। বৃষ্টি কমলেই সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।”

​তবে স্থানীয়দের দাবি, বৃষ্টি কোনো অজুহাত হতে পারে না। সংযোগ সড়কের জায়গা থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়ার বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দ্রুত সেতুটিকে চলাচলের উপযোগী করে জনগণের ভোগান্তি দূর করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।##

৯.৭.২৬

Ads small one

বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় ২০২৬ সালে প্রায় ৫ কোটি চারা রোপণের কর্মসূচি পালিত হবে। ১৩ জুন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও সামাজিক সংগঠণ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। তার ধারাবাহিকতায় গদাইপুর ইউনিয়ানের বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দির সিমানায় নারকেল চারা রোপন করা হয়েছে। সকালে মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষের নেতৃত্বে সরকারি ভাবে কৃষি অফিস থেকে বিতারণ করা নারকেলের চারা রোপন করা হয়েছে।

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ব্যাণার প্লাকার্ড ও ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সৌমেন মৈত্র এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বিএনপি নেতা মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার ও গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাওসার মোঃ আব্দুল ওয়াহেদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার প্রমুখ। এসময় প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

আলোচনাসভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশ নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

Oplus_16908288

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছে মাদক কারবারি নিরঞ্জন বিশ্বাস (৫৯) এবং মাদকসেবি আরাফাত সরদার (২০)।
বৃহস্পতিবার (৯জুলাই) বেলা দেড়টার দিকে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় এর নেতৃত্বে জনগণ নলতা চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের আটক করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের নেতৃত্বে স্থানীয় জনতা নলতা এলাকার বিশ্বনাথ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাসের চৌমুহনী বাজারে অবস্থিত চায়ের দোকানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিকালে ১শ’ গ্রাম গাঁজাসহ নিরঞ্জন বিশ্বাস এবং উপজেলার তারালী এলাকার আলমগীর সরদারের ছেলে মাদকসেবি আরাফাত সরদারকে আটক করে। থানায় খবর দিলে উপ-পরিদর্শক সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশ গাঁজাসহ নিরঞ্জন বিশ্বাস ও আরাফাত সরদারকে থানায় নিয়ে আসেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।