খুলনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে খুলনা জিলা স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ, যা শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও মানসিক সুস্থতা অর্জনে সহায়তা করে। বর্তমান সরকার শিক্ষাঙ্গনে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। শিশু-কিশোরদের ডিজিটাল আসক্তি ও মাদকের হাত থেকে রক্ষা করতে হলে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতেই নতুন ফুটবল মাঠ তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা, উপপরিচালক (কলেজ) ড. এস এম সাজজাদ হোসেন ও সহকারী পরিচালক (কলেজ) মো. ইনামুল ইসলাম। আলোচনা শেষে বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। তথ্যবিবরণী






