খুলনায় জাতীয় যুব দিবস পালিত, ১৬ যুবককে সাড়ে ১৬ লাখ টাকার ঋণ
খুলনা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, গাছের চারা বিতরণ, যুবঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের খুলনা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, বিদেশের শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে ১৬ জন যুবক ও যুব নারীর মধ্যে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণরত যুবকেরা উপস্থিত ছিলেন।
জাতীয় যুব দিবস উপলক্ষে ২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত রক্তদান, রচনা প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন, মাছের পোনা অবমুক্তকরণ, ক্রীড়া অনুষ্ঠান এবং মাদক নিয়ন্ত্রণে যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।









