গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ বাতিলের দাবিতে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে সচেতন নাগরিক সমাজ। বৃহস্পতিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেঁকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জি, ছফুরন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মালঞ্চর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম একজন অপ্রাপ্তবয়স্ক কথিত দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা প্ররোচনার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। সংসদ সদস্যের কারাবাসের কারণে শ্যামনগরের মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ইনসাফ, ন্যায়বিচার ও নৈতিকতার স্লোগানে বিশ্বাস রেখে স্থানীয় মানুষ দলটির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছিলেন। কিন্তু তাঁকে ঘিরে সৃষ্ট গুরুতর বিতর্ক ও আইনি পরিস্থিতির কারণে শ্যামনগরের মানুষের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। জামায়াতের কাছে ইনসাফের প্রত্যাশা থাকলেও দলটির মনোনীত সংসদ সদস্যকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির দায় সাধারণ মানুষ কেন বহন করবে, সে প্রশ্নও তোলেন তিনি।
মিজানুর রহমান বলেন, সংসদ সদস্যকে ঘিরে ওঠা গুরুতর নৈতিক বিতর্ক এবং সংশ্লিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে তাঁর সংসদ সদস্য পদে বহাল থাকার নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জামায়াতে ইসলামী ইনসাফ, নৈতিকতা ও আদর্শের রাজনীতির কথা বললেও তাদের মনোনীত সংসদ সদস্যকে ঘিরে এমন পরিস্থিতির পর দলটি রাজনৈতিক ও নৈতিক দায় এড়াতে পারে না।
তিনি অভিযোগ করেন, বহিষ্কারের ঘোষণা দিয়েই দলের দায় শেষ হতে পারে না। আসনটির ভবিষ্যৎ নিয়ে কার্যকর সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘসূত্রতা করা হচ্ছে। এতে শ্যামনগরের মানুষের স্বার্থের চেয়ে রাজনৈতিক স্বার্থে আসনটি ধরে রাখার চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্নও দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াতের রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে শ্যামনগরের মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হতে পারেন না। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদে তুলে ধরার জন্য কার্যকর প্রতিনিধি প্রয়োজন।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় দুই মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। গত ৯ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার তাঁর কারাবাসের বিষয়টি অবহিত হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, শ্যামনগরের মানুষের গণতান্ত্রিক অধিকার, মর্যাদা ও কার্যকর জনপ্রতিনিধিত্বের দাবিতে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০৮টি ওয়ার্ডে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলন থেকে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দুটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো—সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া।
ছবি: গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন।












