রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‌‘মাফ করে দিলাম’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‌‘মাফ করে দিলাম’

পারিবারিক বিরোধের জেরে ধারালো বঁটির কোপে মাকে হত্যা করেছিলেন ছেলে। সেই নৃশংস ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো গ্রাম। ক্ষোভে ফুঁসছিলেন স্বজন ও প্রতিবেশীরা। হত্যার পর গ্রেফতার হয়ে কারাগারেও যেতে হয়। কিন্তু দুই মাসের মাথায় কারাগারে অসুস্থ হয়ে মারা যান সেই ছেলে। শেষ পর্যন্ত তার মরদেহ দাফন করা হয় সেই মায়ের কবরের পাশেই, যাকে হত্যা করেছিলেন তিনি।

যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামের এ ঘটনায় জানাজার আগে ছেলের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে ক্ষমা চান বাবা ও বড় ভাই। তাদের ক্ষমা প্রার্থনা এবং জানাজায় মানুষের ঢল—সব মিলিয়ে শোকাবহ পরিবেশ তৈরি হয় গ্রামে।

মৃত মামুনুর রশিদ (৪৫) দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে। তিনি ঝিকরগাছা উপজেলার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন। তার মায়ের নাম আনোয়ারা বেগম (৫৮)।

স্বজন ও স্থানীয় লোকজন জানান, গত ২৭ আগস্ট পারিবারিক বিষয় নিয়ে মা আনোয়ারা বেগমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মামুন। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো বঁটি দিয়ে মাকে কোপ দেন। এতে আনোয়ারা বেগমের মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে বঁটি ফেলে পালিয়ে যান মামুন। পরদিন এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কারাগারে বন্দি অবস্থায় গত ২৮ অক্টোবর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মামুন। প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাত ৮টার দিকে মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় পুলিশের পাহারায় মামুনের মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। একদিকে মায়ের হত্যাকারী, অন্যদিকে নিজের সন্তান—মামুনের মরদেহ সামনে পেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন তার বাবা আলতাফ হোসেন। তবে জানাজার আগে বাজে দুর্গাপুর আঞ্জুমানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছেলের পক্ষে ক্ষমা চান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে প্রভাষক মঞ্জুর হাসান। তারা এলাকাবাসীর কাছে মামুনকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।

পরে জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্তে মায়ের কবরের পাশেই দাফন করা হয় মামুনকে। স্বজনদের কান্না আর শোকের আবহে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। জানাজায় অংশ নেন শত শত মানুষ।

মামুনের বাবা আলতাফ হোসেন বলেন, ‘মামুনের দুটি বিয়ে হয়েছিল। প্রায় ৮-৯ বছর আগে সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মিথিলাকে বিয়ে করে। দাম্পত্য কলহের জেরে তাদের বিচ্ছেদ হয়। পরে ঝিকরগাছার অমৃতবাজার গ্রামের রিনাকে বিয়ে করে মামুন। প্রায় ছয় বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয়। দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জন্য মামুন তার মাকে দায়ী করতো। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো।’

আলতাফ হোসেন আরও বলেন, ‘পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিল। তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে ঘটনার দিন বাড়িতে ফেরে। বাড়িতে ফেরার পর মায়ের সঙ্গে কথা -কাটাকাটির একপর্যায়ে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তুচ্ছ ঘটনায় স্ত্রীকেও হারালাম, সন্তানকেও হারালাম। প্রথমে অনেক ক্ষোভ জন্মালেও হাজার হোক, সে তো আমার ছেলে। তাই তাকে মাফ করে দিয়েছি। জানাজায়ও ছেলের পক্ষে এলাকাবাসীর কাছে মাফ চেয়েছি। আমার ছেলেকেও মাফ করুক, আমার স্ত্রীকেও আল্লাহ মাফ করুক—সৃষ্টিকর্তার কাছে এটাই চাই।’

স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানি বলেন, ‘ছেলের হাতে মা খুনের ঘটনায় এলাকার মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। ক্ষুব্ধ এলাকাবাসী পলাতক মামুনকে আটক করে পুলিশে দেয়। তার প্রতি মানুষের ক্ষোভ ও ঘৃণা তৈরি হয়েছিল। তবে মামুনের মৃত্যুর পর মরদেহ বাড়িতে এলে মানুষের ঢল নামে। জানাজায় সেই ক্ষোভ ভুলে শত শত মানুষ অংশ নেন। পরিবারের ইচ্ছাতেই মায়ের কবরের পাশে মামুনকে দাফন করা হয়েছে। তুচ্ছ একটি ঘটনায় একটি পরিবার শেষ হয়ে গেলো। স্বজনেরা মামুনকে ক্ষমা করে দিলেও, মূলত ক্ষমা করে দেওয়ার মালিক সৃষ্টিকর্তা।’

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, ‘মামুনের মরদেহ সব আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার দাফনও সম্পন্ন হয়েছে। তিনি কারাগারে যত দিন ছিলেন, তত দিন শান্ত স্বভাবের ছিলেন।’

Ads small one

যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ইসলামোফোবিয়া ও ইসলামবিরোধী প্রচারণার রেকর্ড বৃদ্ধির মধ্যেও যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন স্তরে রেকর্ড সংখ্যক মুসলিম আমেরিকান জয়ী হয়েছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (কেয়ার) তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায় মিলিয়ে অন্তত ৯৭ জন মুসলিম আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন।

চলতি নির্বাচনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দুই দল মিলিয়ে মোট ১৬৮ জন মুসলিম আমেরিকান প্রার্থী প্রাথমিক পর্ব (প্রাইমারি) পার হয়ে চূড়ান্ত লড়াইয়ে অংশ নেন। এখনও ডাকযোগে আসা ভোট গণনা চলায় আরও এক ডজনের বেশি প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক ঐতিহাসিক বিজয় এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক সক্রিয়তা এই রেকর্ড জয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

আমেরিকান আইনসভার উচ্চকক্ষ সিনেটে প্রথমবার কোনও মুসলিম প্রতিনিধি হিসেবে ছয় বছরের মেয়াদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবদুল এল-সাইয়েদ। এ ছাড়া প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেনটেটিভস) বিজয়ী হয়েছেন ছয়জন মুসলিম আমেরিকান। তারা হলেন, পুনর্নির্বাচিত ইলহান ওমর, রশিদা তাইব, আন্দ্রে কারসন ও লাতিফাহ সাইমন এবং নতুন বিজয়ী অ্যাডাম হামাভি ও দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার। কেয়ারের তথ্যমতে, এই ৭ জন ছাড়া রাজ্য আইনসভা ও অ্যাটর্নি জেনারেলসহ ৩৯টি রাজ্যপর্যায়ের পদে, স্থানীয় কাউন্টি ও পৌরসভায় ১৬টি পদে, শিক্ষা ও স্কুল বোর্ডে ২৭টি পদে এবং বিচারক হিসেবে ৮ জন মুসলিম বিজয়ী হয়েছেন।

ইসলামিক পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (এমপ্যাক) এবং অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫৫ লাখ মুসলিম বাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের আমলে ও রিপাবলিকান পার্টিতে ইসলামবিরোধী বক্তব্য ও অপপ্রচার এক প্রজন্মের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকা সত্ত্বেও এবার ভোটারদের উপস্থিতি ছিল অভূতপূর্ব। বিগত এক বছরে মুসলিমদের ভোটার নিবন্ধনের হার অন্তত ২৫ শতাংশ বেড়েছে এবং জরিপ অনুযায়ী ৯৩ শতাংশ মুসলিম ভোটকেন্দ্রে গিয়েছেন। এদের মধ্যে ৮০ শতাংশ ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, মুসলিম আমেরিকানরা কেবল দল দেখে নয়, বরং নীতির ভিত্তিতে ভোট দেন। অলাভজনক সংস্থা জর্জিয়া মুসলিম ভোটার প্রজেক্ট-এর যোগাযোগ পরিচালক উরুজ আলী জানান, মুসলিম ভোটাররা দলের চেয়ে নীতির ওপর ভিত্তি করে ভোট দেওয়ার প্রবণতা দেখান। অনেকেই নিজেদের দলীয় পরিচয়ের চেয়ে স্বতন্ত্র ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

গাজায় ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষা এই নির্বাচনে মুসলিম ভোটারদের বড় চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। কেয়ারের জরিপে ৭০ শতাংশ মুসলিম জানান, ইসলামফোবিয়ার প্রতিবাদ হিসেবেই তারা ভোট দিতে অনুপ্রাণিত হয়েছেন এবং ৮০ শতাংশের মতে গাজা পরিস্থিতি তাদের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।

নতুন বিজয়ী মুসলিম নেতৃত্বের ধরণ নিয়ে মুসলিম পাবলিক সার্ভিস-এর প্রধান আহমেদ মাতি বলেন, আমাদের সম্প্রদায়ের সদস্যরা এখন জাতীয় ও স্থানীয় নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখছেন। এই জয় বছরের পর বছর ধরে চলা সামাজিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল।

অন্যদিকে, ডেমোক্র্যাটিক আবদুল এল-সাইয়েদের মতো প্রার্থীরা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে এড়িয়ে না গিয়ে গর্বের সঙ্গে তুলে ধরেই ভোটারদের আস্থা অর্জন করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকান রাজনীতিতে এই জয় কেবল মুসলিম সম্প্রদায়ের নয়, বরং বহুমাত্রিক আমেরিকান বৈচিত্র্যের এক বড় অগ্রগতি।

সূত্র: মিডল ইস্ট আই

রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভাটারা থানার কর্তব্যরত অফিসার দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা, কীভাবে আগুন দিল এখনও সেটি জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজধানীতে বিভিন্ন বাসে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে কয়েক দিনে রাজধানীতে অন্তত আটটি বাসে আগুন ও গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর-১ এর সনি হলের সামনে একটি প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, মোটরসাইকেলে করে আসা লোক এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।