রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

জন্মের পর থেকেই জটিলতায় ভুগছে শিশু রায়য়ান, পাশে দাঁড়ালেন আলফা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
জন্মের পর থেকেই জটিলতায় ভুগছে শিশু রায়য়ান, পাশে দাঁড়ালেন আলফা

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কাজী মহল্লা গ্রামের অসহায় শিশু রায়য়ানের পাশে দাঁড়িয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদৌস আলফা। শনিবার (৮ আগস্ট) বিকেলে তিনি কাজী মহল্লা গ্রামের দিনমজুর আইয়ুব আলীর বাড়িতে গিয়ে তার ছেলে রায়য়ানকে দেখেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জানা যায়, সখিপুর ইউনিয়নের কাজী মহল্লা গ্রামের আইয়ুব আলীর ছেলে রায়য়ান জন্মের পর থেকেই জটিল শারীরিক সমস্যায় ভুগছে। জন্মের পর তার পায়খানার রাস্তার সমস্যা দেখা দেয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে শিশুটির প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। ওই অস্ত্রোপচারের মাধ্যমে পায়খানার রাস্তা সাময়িকভাবে পেটের এক পাশে বের করে দেওয়া হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রায়য়ানের আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু দ্বিতীয় অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারছেন না তার বাবা আইয়ুব আলী। তিনি পেশায় একজন দিনমজুর। দিন আনা-দিন খাওয়া এই পরিবারের পক্ষে সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

রায়য়ানের প্রথম অপারেশনের সময়ও বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তার বাবা। বর্তমানে দ্বিতীয় অপারেশনের খরচ জোগাড় করতে তিনি বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। সন্তানের চিকিৎসা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে অসহায় পরিবারটির।

এ অবস্থায় অসহায় শিশু রায়য়ানের শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক সংকটের কথা জানতে পেরে শনিবার বিকেলে তার পাশে দাঁড়ান আল ফেরদৌস আলফা। তিনি শিশুটিকে দেখতে এসে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে রায়য়ানের চিকিৎসার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় আবেগাপ্লুত হয়ে রায়য়ানের বাবা আইয়ুব আলী বলেন, “আমি একজন দিনমজুর। দিনমজুরি করে কোনোভাবে সংসার চালাই। আমার ছেলের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। প্রথম অপারেশন মানুষের সহযোগিতা নিয়ে করিয়েছি। এখন দ্বিতীয় অপারেশনের টাকা জোগাড় করতে পারছি না। আমি আমার ছেলেকে সুস্থভাবে দেখতে চাই। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার ছেলের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”

রায়য়ানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিশুটির চিকিৎসা সম্পন্ন করতে সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা প্রয়োজন। সামর্থ্য অনুযায়ী যে কোনো সহযোগিতা অসহায় এই পরিবারের জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে।

মানবিক মানুষদের সহযোগিতায় রায়য়ানের চিকিৎসার পথ সহজ হবে—এমন প্রত্যাশা তার পরিবারের। সখিপুর ইউনিয়নের কাজী মহল্লা গ্রামের এই অসহায় শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা এগিয়ে এলে রায়য়ান দ্রুত সুস্থ জীবনে ফিরতে পারবে বলে আশা করছে পরিবারটি।

যোগাযোগের নাম্বার : ০১৭৬৫০৮৬৮১০

 

Ads small one

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল স্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
কলারোয়ায় হেলাতলা আইডিয়াল স্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে রোববার বেলা ১২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে এটি উদ্বোধন করা হয়। নতুন এটিসহ উপজেলায় সততা স্টোরের সংখ্যা দাঁড়াল ১১টি।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আজিজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোরের উদ্বোধন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আবদুল আলিম, কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী শিক্ষক আবু তালেব এবং শিক্ষার্থী তাসকিন রহমান ও ফারিহা খাতুন। সহকারী শিক্ষক আবদুর রউফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচকরা জানান, সততা স্টোর এমন একটি কেনাকাটার ব্যবস্থা যেখানে বিক্রেতা ছাড়াই শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য কিনে নির্ধারিত বাক্সে টাকা জমা দেয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও বিশ্বাসভিত্তিক লেনদেনের সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হয়েছে। রোববার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা রোপণ ও বিতরণ করা হয়।
‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাইÑপরিবেশ বাঁচাই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক অনামিকা রানি, লীলা রানী সরদার, আসমাউল ইসলাম, অনুভা ম-ল ও পরিবেশকর্মী কার্তিক বাছাড়। এ সময় বিদ্যালয় চত্বরে জাপানি কাঁঠাল, নিম ও পেয়ারার চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকাল চারা রোপণের উপযুক্ত সময় হওয়ায় সেপ্টেম্বর মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বনবিবির চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আশাশুনি সরকারি হাইস্কুলে চারা রোপণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
আশাশুনি সরকারি হাইস্কুলে চারা রোপণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেলে স্কুল ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ করা হয়।
সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে উপজেলা স্কাউটস এই উদ্যোগ নেয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি শ্যামানন্দ কুন্ডু এতে উপস্থিত থেকে চারা রোপণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও স্কাউটসের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক অধ্যক্ষ আবুল হাসান, প্রভাষক মাসুদুর রহমান, সহকারী শিক্ষক মৈত্রেয় সুন্দর রায় ও ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান।