রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে বেতনা নদীর তীরে বৃক্ষরোপণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে বেতনা নদীর তীরে বৃক্ষরোপণ

সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের তেঁতুলডাঙ্গা গ্রামে বেতনা নদীর তীরে ২ হাজার বৃক্ষরোপণের মাধ্যমে সামাজিক বনায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ১৪ থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। নদীতীরবর্তী পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে এ উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সার্বিক নির্দেশনা, সক্রিয় অংশগ্রহণ ও তত্ত্বাবধানে এবং ধুলিহর ইউনিয়ন পরিষদের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়। ব্রেকিং দ্য সাইলেন্স কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে ৫৪ জন শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণ বিশেষ গুরুত্ব পেয়েছে।

জীবন দক্ষতা থেকে পরিবেশ সুরক্ষা: শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণ
ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়িত প্রকল্পের আওতায় জীবন দক্ষতাবিষয়ক সেশনের মাধ্যমে শিশুদের নেতৃত্ব, দলগত কাজ, সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্ব দেওয়া হয়। এসব সেশনে অর্জিত জ্ঞান ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে শিশুরা কমিউনিটি পর্যায়ে পরিবেশ সুরক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণে উৎসাহিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বেতনা নদীর তীরে সামাজিক বনায়ন কার্যক্রমে শিশু ও যুবরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগে তাদের সম্পৃক্ততা জীবন দক্ষতা সেশনে অর্জিত শিক্ষার বাস্তব প্রয়োগের একটি ইতিবাচক উদাহরণ। এর মাধ্যমে শিশুরা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব অনুধাবনের পাশাপাশি নিজেদের কমিউনিটির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে।

প্রায় সাত বিঘা জমিতে বৃক্ষরোপণ, গুরুত্ব পাচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ:
এ সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় বেতনা নদীর তীরবর্তী প্রায় সাত বিঘা জমিতে দুই হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে কদবেল, তেঁতুল, গোলপাতা, খইবাবলা, বাবলা, কাঁকড়া, বাইন, কাঁকড়া, পবন ঝাউ ও কেওড়াসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ।
স্থানীয় পরিবেশ ও নদীতীরবর্তী এলাকার বৈশিষ্ট্য বিবেচনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, রোপণকৃত চারার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থানে নেট বা জাল, খুঁটি ও বাঁশের বেড়া ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। যথাযথ পরিচর্যার মাধ্যমে গাছগুলো বেড়ে উঠলে নদীতীরবর্তী পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্মিলিত উদ্যোগে চলবে বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণ:
বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত চারাগুলোর দীর্ঘমেয়াদি পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় কমিউনিটি, ধুলিহর ইউনিয়ন পরিষদ এবং বন বিভাগের সমন্বিত উদ্যোগে গাছগুলোর রক্ষণাবেক্ষণ করা হবে। শিশু ও যুবদের অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা এ কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারি প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, বন বিভাগ এবং কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এ সামাজিক বনায়নকে একটি টেকসই পরিবেশবান্ধব উদ্যোগে পরিণত করার প্রত্যাশা রয়েছে।

জলবায়ু সহনশীল ও টেকসই ভবিষ্যৎ গড়ার উদ্যোগ
উপকূলীয় সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের নানা ঝুঁকির মুখোমুখি। এ প্রেক্ষাপটে বেতনা নদীর তীরে সামাজিক বনায়ন কার্যক্রম পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ের একটি ইতিবাচক উদ্যোগ।

বিশেষ করে শিশু ও যুবদের জীবন দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাস্তব সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকান্ডে সম্পৃক্ত করা তাদের নেতৃত্ব, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে সহায়তা করে। এ ধরনের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ পরিবেশ সংরক্ষণকে আরও শক্তিশালী করতে পারে।

যথাযথ পরিচর্যা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে বেতনা নদীর তীরের এ সামাজিক বনায়ন ভবিষ্যতে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

Ads small one

যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ইসলামোফোবিয়া ও ইসলামবিরোধী প্রচারণার রেকর্ড বৃদ্ধির মধ্যেও যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন স্তরে রেকর্ড সংখ্যক মুসলিম আমেরিকান জয়ী হয়েছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (কেয়ার) তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায় মিলিয়ে অন্তত ৯৭ জন মুসলিম আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন।

চলতি নির্বাচনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দুই দল মিলিয়ে মোট ১৬৮ জন মুসলিম আমেরিকান প্রার্থী প্রাথমিক পর্ব (প্রাইমারি) পার হয়ে চূড়ান্ত লড়াইয়ে অংশ নেন। এখনও ডাকযোগে আসা ভোট গণনা চলায় আরও এক ডজনের বেশি প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক ঐতিহাসিক বিজয় এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক সক্রিয়তা এই রেকর্ড জয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

আমেরিকান আইনসভার উচ্চকক্ষ সিনেটে প্রথমবার কোনও মুসলিম প্রতিনিধি হিসেবে ছয় বছরের মেয়াদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবদুল এল-সাইয়েদ। এ ছাড়া প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেনটেটিভস) বিজয়ী হয়েছেন ছয়জন মুসলিম আমেরিকান। তারা হলেন, পুনর্নির্বাচিত ইলহান ওমর, রশিদা তাইব, আন্দ্রে কারসন ও লাতিফাহ সাইমন এবং নতুন বিজয়ী অ্যাডাম হামাভি ও দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার। কেয়ারের তথ্যমতে, এই ৭ জন ছাড়া রাজ্য আইনসভা ও অ্যাটর্নি জেনারেলসহ ৩৯টি রাজ্যপর্যায়ের পদে, স্থানীয় কাউন্টি ও পৌরসভায় ১৬টি পদে, শিক্ষা ও স্কুল বোর্ডে ২৭টি পদে এবং বিচারক হিসেবে ৮ জন মুসলিম বিজয়ী হয়েছেন।

ইসলামিক পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (এমপ্যাক) এবং অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫৫ লাখ মুসলিম বাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের আমলে ও রিপাবলিকান পার্টিতে ইসলামবিরোধী বক্তব্য ও অপপ্রচার এক প্রজন্মের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকা সত্ত্বেও এবার ভোটারদের উপস্থিতি ছিল অভূতপূর্ব। বিগত এক বছরে মুসলিমদের ভোটার নিবন্ধনের হার অন্তত ২৫ শতাংশ বেড়েছে এবং জরিপ অনুযায়ী ৯৩ শতাংশ মুসলিম ভোটকেন্দ্রে গিয়েছেন। এদের মধ্যে ৮০ শতাংশ ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, মুসলিম আমেরিকানরা কেবল দল দেখে নয়, বরং নীতির ভিত্তিতে ভোট দেন। অলাভজনক সংস্থা জর্জিয়া মুসলিম ভোটার প্রজেক্ট-এর যোগাযোগ পরিচালক উরুজ আলী জানান, মুসলিম ভোটাররা দলের চেয়ে নীতির ওপর ভিত্তি করে ভোট দেওয়ার প্রবণতা দেখান। অনেকেই নিজেদের দলীয় পরিচয়ের চেয়ে স্বতন্ত্র ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

গাজায় ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষা এই নির্বাচনে মুসলিম ভোটারদের বড় চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। কেয়ারের জরিপে ৭০ শতাংশ মুসলিম জানান, ইসলামফোবিয়ার প্রতিবাদ হিসেবেই তারা ভোট দিতে অনুপ্রাণিত হয়েছেন এবং ৮০ শতাংশের মতে গাজা পরিস্থিতি তাদের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।

নতুন বিজয়ী মুসলিম নেতৃত্বের ধরণ নিয়ে মুসলিম পাবলিক সার্ভিস-এর প্রধান আহমেদ মাতি বলেন, আমাদের সম্প্রদায়ের সদস্যরা এখন জাতীয় ও স্থানীয় নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখছেন। এই জয় বছরের পর বছর ধরে চলা সামাজিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল।

অন্যদিকে, ডেমোক্র্যাটিক আবদুল এল-সাইয়েদের মতো প্রার্থীরা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে এড়িয়ে না গিয়ে গর্বের সঙ্গে তুলে ধরেই ভোটারদের আস্থা অর্জন করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকান রাজনীতিতে এই জয় কেবল মুসলিম সম্প্রদায়ের নয়, বরং বহুমাত্রিক আমেরিকান বৈচিত্র্যের এক বড় অগ্রগতি।

সূত্র: মিডল ইস্ট আই

রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন

রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভাটারা থানার কর্তব্যরত অফিসার দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা, কীভাবে আগুন দিল এখনও সেটি জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজধানীতে বিভিন্ন বাসে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে কয়েক দিনে রাজধানীতে অন্তত আটটি বাসে আগুন ও গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর-১ এর সনি হলের সামনে একটি প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, মোটরসাইকেলে করে আসা লোক এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।