জাতীয় যুব দিবসে সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
সংবাদদাতা: : জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে স্থানীয় বৈকারী যুব ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সংঘের উদ্যোগে এবং স্মার্ট মেডিকেল সেন্টার ও প্রাণসায়ের যুব একাডেমি, সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।
ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্মার্ট মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈকারী যুব ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি আমিরুল ইসলাম।
আয়োজকরা জানান, যুবসমাজকে স্বাস্থ্যসচেতন করার পাশাপাশি রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীত কুমার দাস বলেন, সুস্থ ও সচেতন যুবসমাজই বৈষম্যহীন দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের এ ধরনের সেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। তিনি ক্যাম্পেইন আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।









