তালায় ইউপি সদস্যের বিরুদ্ধে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: তালা সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও জামায়াতে ইসলামী মহিলা শাখার রোকন শাহিদার বিরুদ্ধে ১০৮ জন গ্রাহকের প্রায় ২৪ লাখ ১৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউপি সদস্য ও ও জামায়াতে ইসলামী মহিলা শাখার রোকন শাহিদা বেগম পূর্বে পপুলার হেলথ অ্যান্ড এডুকেশন সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর কর্মী হিসেবে দায়িত্ব পালনকালে ১০৮ জন গ্রাহকের কাছ থেকে বীমা ও সঞ্চয়ের নামে মোট ২৪ লাখ ১৮ হাজার ৮০০ টাকা সংগ্রহ করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ ফেরত পাননি।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারবার যোগাযোগ করা হলেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়েছে। প্রায় ১০ মাস আগে ইউপি সদস্য শাহিদা টাকা ফেরতের আশ্বাস দিয়ে চেক ও স্ট্যাম্প প্রদান করলেও এখন পর্যন্ত অধিকাংশ গ্রাহক তাদের পাওনা বুঝে পাননি। ফলে তারা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত ১০৮ জন গ্রাহকের সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরত এবং প্রয়োজন হলে তাকে সদস্য পদ থেকে অপসারণেরও দাবি তোলেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও গ্রাহক হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। ক্ষতিগ্রস্ত ১০৮ জন গ্রাহকের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন মো. আরিজুল ইসলাম মালী। এ সময় বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত গ্রাহক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।












