তালায় ইউপি সদস্যের সহায়তায় বাল্যবিয়ে, অভিযানে বন্ধ করল প্রশাসন
বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালায় প্রশাসনের তৎপরতায় দুই অপ্রাপ্তবয়স্ক শিশুর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। ইউপি সদস্যের সহযোগিতায় নোটারি পাবলিকের মাধ্যমে সম্পাদিত বিয়েকে অবৈধ ঘোষণা করে উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেয় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামে অভিযান পরিচালনা করে এই বাল্যবিয়ে বন্ধ করা হয়।
জানা গেছে, কনে (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর একই গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোর। পরিবারের মাধ্যমে ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রেশমা বেগমের সহায়তায় সম্প্রতি খুলনায় নোটারি পাবলিকের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছিল। কনের বাড়িতে বিবাহোত্তর ভোজের আয়োজন চলাকালে খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের সার্বিক সমন্বয়ে এ বিয়ে বন্ধ করা হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে বিয়ে বন্ধের পাশাপাশি অভিভাবকদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে। উভয় পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রতিনিধি ও পুলিশের দল অংশ নেয়। তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, অবৈধ নোটারি পাবলিকের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।









