বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

তালায় এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
তালায় এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালা প্রতিনিধি: এসো উন্নত তালা গড়ি স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মোবারকপুরের উত্তরণ ট্রেনিং সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে তালায় কারিগরি শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। উপযুক্ত জায়গা পাওয়া গেলে শিশু পার্ক স্থাপন করা হবে। তালা বাজারের পুকুর ভরাট করে সেখানে মার্কেট নির্মাণ কপোতাক্ষ নদের পাশ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ এবং সরকারি খাসজমি উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, তালার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। হাইস্কুলের শিক্ষার্থীদের সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তালা প্রেসক্লাব ভবনের জন্য বরাদ্দ বাড়ানো এবং তালায় বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, সাতক্ষীরার মধ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দিয়ে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড সঠিক ও স্বচ্ছতার সঙ্গে বিতরণ এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় তালা সদরকে পৌরসভায় উন্নীতকরণ, উপজেলা প্রশাসন ও সেবাকেন্দ্রগুলো এককেন্দ্রীককরণ, রাষ্ট্রীয় সম্পত্তি জনস্বার্থে ব্যবহার, বিশেষায়িত প্রতিষ্ঠান ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন, সড়ক সংস্কার, আধুনিক ও পরিবেশবান্ধব পার্ক স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর নিষ্কাশন ব্যবস্থার দাবি তুলে ধরা হয়।

Ads small one

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে সরকার। একইসঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এর আগে ১১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা চিঠিতে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট থেকে শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে চলতি বছরের ২ এপ্রিল মন্ত্রিসভা দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তা পরে ৭টা পর্যন্ত করা হয়।

পরের মাসে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা দোকান খোলা রাখার দাবি তুললে ১২ মে থেকে দেশের শপিং মল, বিপণি বিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় সরকার। ঈদের পর ১২ জুন আবার ১ ঘণ্টা কমিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

লোডশেডিং ঘিরে হামলার শঙ্কা, নিরাপত্তা চায় পল্লী বিদ্যুতের ৮০ সমিতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
লোডশেডিং ঘিরে হামলার শঙ্কা, নিরাপত্তা চায় পল্লী বিদ্যুতের ৮০ সমিতি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। এতে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে অসন্তোষ বাড়ছে। এ পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ সমিতির স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।

বুধবার (১২ আগস্ট) পুলিশ প্রশাসনকে একটি চিঠি দিয়েছে সংগঠনটি। সংগঠনের দফতর সম্পাদক মাহমুদ রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, দেশের প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ৪ কোটি গ্রাহককে বিদ্যুৎ সেবা দিচ্ছে। উৎপাদিত বিদ্যুতের বড় একটি অংশ এসব সমিতির মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করা হয়। কিন্তু চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় সমিতিগুলোকে বাধ্য হয়ে দীর্ঘ সময় লোডশেডিং করতে হচ্ছে।

চিঠিতে বলা হয়, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কোথাও কোথাও পল্লী বিদ্যুৎ সমিতির স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ অবস্থায় দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও অফিসসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মাহমুদকাটীতে বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
মাহমুদকাটীতে বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান

পলাশ কর্মকার, কপিলমুনি (খুলনা): জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও উপকূলীয় পরিবেশ রক্ষায় কপিলমুনির পার্শ্ববর্তী মাহমুদকাটীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান।
বুধবার পাইকগাছা উপজেলার মাহমুদকাটীতে অনির্বাণ লাইব্রেরি প্রাঙ্গণে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে অনির্বাণ লাইব্রেরি, ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন। অনির্বাণ লাইব্রেরির সহসভাপতি বাসুদেব রায়ের সভাপতিত্বে ও সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় কর্মসূচি উদ্বোধন করেন সহযোগী অধ্যাপক সফিয়ার রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী প্রতিটি গাছের দেখভালের ওপর জোর দিয়ে শিক্ষার্থীদের ‘গার্ডিয়ানশিপ’ দেওয়ার প্রস্তাব করেন। এ ছাড়া বিশেষ অতিথি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।