দেড় বছর পর আলোকিত হলো কলারোয়ার বেত্রবতী সেতু, স্থাপন ৮ সোলার বাতি
কলারোয়া প্রতিনিধি: নির্মাণের প্রায় দেড় বছর পর অবশেষে রাতের আঁধার কাটল সাতক্ষীরার কলারোয়ার বেত্রবতী সেতুতে। সোমবার সেতুটিতে আটটি সোলার সড়কবাতি স্থাপন করেছে কলারোয়া পৌর কর্তৃপক্ষ। সন্ধ্যায় বাতিগুলো চালু হওয়ার পর আলোকিত হয়ে ওঠে পুরো সেতু। এতে স্বস্তি ফিরেছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
স্থানীয়রা জানান, দিনের বেলায় দৃষ্টিনন্দন সেতুটি রাতে অন্ধকারে ডুবে থাকত। সড়কবাতি না থাকায় পথচারী ও যানবাহন চালকদের চলাচলে অসুবিধা হতো। পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগের অবসান চেয়ে আসছিলেন তাঁরা।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলামকে জানানো হলে তিনি সেতুটি পরিদর্শন করে সড়কবাতি স্থাপনের আশ্বাস দেন। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার পৌর কর্তৃপক্ষ সেতুতে আটটি সোলার সড়কবাতি স্থাপন করে। প্রতিটি খুঁটিতে ছয়টি করে লাইট রয়েছে।
পৌরসভার মির্জাপুর এলাকার বাসিন্দা সোহেল হোসেন বলেন, সড়কবাতি স্থাপনের ফলে রাতে সেতু পারাপারে অন্ধকার ও নিরাপত্তাহীনতার অনুভূতি কমবে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় স্থানীয়রা স্বস্তি পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম বলেন, পৌরসভার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অনেক কাজ চলমান রয়েছে। পৌরবাসীর প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।












