বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দেবহাটায় জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
দেবহাটায় জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ

নিজস্ব প্রতিনিধি: সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কিশোরীদের নিরাপদ ও ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে আমাদের যুব টিম। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সংলাপে জেন্ডারভিত্তিক নেতিবাচক ধারণার প্রভাব, নারী ও কিশোরীদের সমান সুযোগ ও অংশগ্রহণ, অনলাইন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ এবং দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা ও যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, সংলাপের আগে প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দুই দিনে পৃথক দুটি যুব নেতৃত্বাধীন সংগঠনের ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষসহ ৩০ জন করে তরুণ-তরুণী অংশ নেন। দুই সেশনে মোট ৬০ জন অংশগ্রহণকারী জেন্ডারভিত্তিক প্রচলিত ধারণা, নারী ও কিশোরীদের অধিকার, সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম বিষয়ে সচেতনতা এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্ব ও অ্যাডভোকেসি নিয়ে আলোচনা করেন।

পূর্ববর্তী সেশনগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে আয়োজিত সংলাপে তরুণদের মতামত ও সুপারিশ স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নারী ও কিশোরীদের নিরাপদ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন মারুফ সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, দেবহাটা সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রেহেনা পারভীন, টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলামসহ ধর্মীয় নেতা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ ও নারী নেতারা। এ ছাড়া উপস্থিত ছিলেন ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের কর্মী মো. মনিরুল ইসলাম।

আয়োজকরা বলেন, জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও কার্যকর সংলাপের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ জেন্ডারভিত্তিক বৈষম্য, ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে যৌথ উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Ads small one

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শ্যামনগর ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়।

 

উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল। বক্তব্য দেন জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ ও উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন মাহমুদ।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, নানা নির্যাতন উপেক্ষা করেও বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছে।

সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, শহিদুল ইসলাম ও ডা. ইমাম হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পাইকগাছায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
পাইকগাছায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৩

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা দুটি মামলায় আলোচিত গ্রেনেড বাবু ওরফে ডন বাবু ওরফে মোল্লা ইয়ামিন, তাঁর মা ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বাগেরহাটের রামপাল উপজেলার শরাফপুর গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেনেড বাবু তাঁর স্ত্রীর সিম ব্যবহার করে গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তারের কাছে ১০ লাখ টাকা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসনারা বিনতে আহমেদের কাছেও ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ২৭ অক্টোবর পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা করেন। মামলা দুটির নম্বর ২৭ ও ২৮। অন্যদিকে, ডা. আহসনারা বিনতে আহমেদ সাধারণ ডায়েরি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং রামপাল থানা পুলিশের সহযোগিতায় গ্রেনেড বাবু, তাঁর স্ত্রী ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেনেড বাবুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবির বলেন, গ্রেনেড বাবু পরিচয়ে একটি চক্র চিকিৎসক ও দুই আইনজীবীর কাছে ফোনে চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শ্যামনগরে সুশীলনের নতুন কার্যক্রম নিয়ে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
শ্যামনগরে সুশীলনের নতুন কার্যক্রম নিয়ে আলোচনা সভা

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় এলাকায় স্থানীয় পর্যায়ে জলবায়ুবিষয়ক কার্যক্রম জোরদার করতে বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ইউএনডিইএফের সহযোগিতায় এ সভা হয়।

প্রকল্প সমন্বয়ক শেখ মো. নুরুন্নবী প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওহেদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

সভায় বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। স্বাগত বক্তব্যে প্রকল্প সমন্বয়ক শেখ মো. নুরুন্নবী প্রকল্পের মেয়াদ, লক্ষ্য, প্রধান কার্যক্রম ও বাস্তবায়ন এলাকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।