রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

দেবহাটায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
দেবহাটায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট শেখপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে বেধড়ক মারধর ও কানের দুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ওই গৃহবধূর নাম শামীমা আক্তার। তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বুধবার সকাল ১১টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদে টিকেট গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী আশুরা খাতুনের সঙ্গে শামীমা আক্তারের কথা-কাটাকাটি হয়। সে সময় উপস্থিত লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষ বাড়ি ফিরে যায়।
আহত শামীমার স্বামী ও মাদ্রাসা শিক্ষক ফরহাদ গাইন অভিযোগ করে বলেন, “বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় এলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। রহমত শেখের ছেলে সালামত হোসেন (বাবু), তার স্ত্রী খুকুমণি এবং মফিজুলের স্ত্রী আশুরা খাতুনসহ কয়েকজন মিলে শামীমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।”
ফরহাদ গাইন আরও অভিযোগ করেন, “মারধরের একপর্যায়ে হামলাকারীরা শামীমার দুই কান টেনে ছিঁড়ে স্বর্ণের দুল এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, “ঘটনাটি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Ads small one

কাস্টমসের নতুন নিয়মে গেটপাস বন্ধ, বেনাপোল সীমান্তে আটকা শত শত পণ্যবাহী ট্রাক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কাস্টমসের নতুন নিয়মে গেটপাস বন্ধ, বেনাপোল সীমান্তে আটকা শত শত পণ্যবাহী ট্রাক

এমএ রহিম, বেনাপোল (যশোর): কাস্টমস কর্তৃপক্ষের নতুন নির্দেশনা এবং কারপাস জটিলতার কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে। এর ফলে বন্দরের দুপাশে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে, যার মধ্যে বড় অংশই রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কাঁচামাল।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা গেট কারপাস না করায় শনিবার বিকেল থেকে এ অচলাবস্থার সৃষ্টি হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি ও আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, এতদিন ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের কারপাস (গেটপাস) নেওয়ার ক্ষেত্রে অবৈধ কোনো মালামাল থাকলে তার দায়িত্ব সিঅ্যান্ডএফ এজেন্টের ওপর বর্তাত না। তবে শনিবার কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ নতুন নিয়ম জারি করে জানায়, ট্রাকে কোনো অবৈধ মালামাল পাওয়া গেলে তার দায়ভার সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিনিধিকেই নিতে হবে। কাস্টমস কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদেই গেটপাস গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম ও বন্দর সূত্রে জানা গেছে, বিদ্যমান সমস্যা সমাধানের জন্য কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, কারপাস জটিলতায় আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও ভারতে পণ্য রপ্তানি এবং চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর উদ্যোগে ‘বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬’ উপলক্ষে তথ্য সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে সাতক্ষীরায় এক দিকনির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যানবেইসের পরিচালক (পরিসংখ্যান) প্রফেসর মো. গোলাম ফিরোজ। জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীরের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান এবং তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ভুল ও হালনাগাদ তথ্য অত্যন্ত জরুরি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় অনলাইনে সঠিক সময়ে ও নির্ভুলভাবে তথ্য এন্ট্রি দেওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাতক্ষীরা এলজিইডিতে বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে সংবর্ধনা ও নতুন কর্মকর্তার বরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা এলজিইডিতে বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে সংবর্ধনা ও নতুন কর্মকর্তার বরণ

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বদলিজনিত বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খানের বিদায় সংবর্ধনা এবং নতুন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত দুই নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, আসাদুল্লাহ বাহার আশু, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, মোকলেছুর রহমান, মামুনুর রহমান সুমন, মীর রফিকুল ইসলাম বাবু, ইকবাল জমাদ্দার, মো. আকরাম হোসেন খান বাপ্পি, আব্দুল হাকিম ও সাঈদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাংবাদিক আবু সাঈদ।
বক্তারা সাতক্ষীরার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সরকারের উন্নয়ন কর্মকা- সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সরকারি নিয়ম মেনে গুণগত মানসম্পন্ন কাজ নিশ্চিত করতে এলজিইডির সহযোগিতা কামনা করা হয়।