নভেম্বরে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
অনলাইন ডেস্ক: চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, ময়মনসিংহে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেটে ১৫ থেকে ২৫ মিলিমিটার, রাজশাহীতে ১০ থেকে ১৫ মিলিমিটার, খুলনায় ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশালে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এ মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে, ৩৫ থেকে ৪০ মিলিমিটার। অন্যদিকে রংপুর বিভাগে সবচেয়ে কম ৪ থেকে ৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ৯ অক্টোবর বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। গত অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্যান্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার রাতে তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনে সামান্য কমতে পারে।











