মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় বিশ্বজিৎ হত্যা রহস্যে নতুন মোড়, ২৮ দিন পর সন্দেহভাজন নিপুন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
পাইকগাছায় বিশ্বজিৎ হত্যা রহস্যে নতুন মোড়, ২৮ দিন পর সন্দেহভাজন নিপুন গ্রেপ্তার

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): খুলনার পাইকগাছায় আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেউড়ী হত্যাকান্ডের ২৮ দিন পর এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। দীর্ঘ সময় পর নিপুন সানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাইকগাছা পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকান্ডের রহস্য, ঘটনার পেছনের কারণ এবং এতে আরও কেউ জড়িত কি না এসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

গ্রেপ্তার নিপুন সানা উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা গ্রামের পঞ্চানন সানার ছেলে।
পুলিশ ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্বজিৎ দেউড়ী আরএফএল কোম্পানির ভিগো গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে পাইকগাছায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলার বেত্রা গ্রামে। তাঁর বাবার নাম ধীরালাল দেউড়ী।

গত ২০ জুলাই গভীর রাতে পাইকগাছা পৌরসভার হাসপাতাল মোড় এলাকায় রামপ্রসাদ মন্ডলের ভাড়া বাসা থেকে বিশ্বজিৎ দেউড়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার পর তাঁর এক সহকর্মীও নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহত বিশ্বজিৎ দেউড়ীর মামা বিপুল সরকার বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, তথ্য যাচাইসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে নিপুন সানাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম বলেন, হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় নিপুন সানা নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, বিশ্বজিৎ দেউড়ী হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড চাওয়া হবে।

 

Ads small one

ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরি হয়। স্থানীয় সূত্র জানায়, এশার সালাত শেষে মুসল্লিরা মসজিদে তালা বন্ধ করে যান। পরদিন ভোর পাঁচটায় ফজর সালাতের সময় এসে দেখা যায়, মসজিদের পূর্ব পাশের বেড়া ভাঙা। ভিতর থেকে একটি সাউন্ড বক্স, একটি সোলারের ব্যাটারি এবং দান বাক্সে থাকা প্রায় চার হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লালমাহমুদ গাজী আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধহাটা কলেজিয়েট স্কুলে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
বুধহাটা কলেজিয়েট স্কুলে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলে মাদক, অনলাইন গেমে আসক্তি ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহিত কুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান। তিনি শিক্ষার্থীদের মাদক ও অনলাইন গেমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থেকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সহকারী প্রধান শিক্ষক এস এম সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কেশবপুরে মন্দির থেকে অলংকার ও জিনিসপত্র চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
কেশবপুরে মন্দির থেকে অলংকার ও জিনিসপত্র চুরি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার বায়সা শ্রীরামপুর এলাকার শ্রীশ্রী মহা শ্মশান কালী মন্দির ও শিব মন্দিরের গ্রিল এবং তালা কেটে স্বর্ণালংকারসহ পূজায় ব্যবহৃত আসবাব ও প্রণামি বাক্স চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত মঙ্গলবার সকালে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় চুরির ঘটনাটি ঘটে। চুরিতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, মন্দিরে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত বলেন, এর আগেও দুইবার এই মন্দিরে চুরি হয়েছে। কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যজ্ঞ কমিটির সভাপতি পরিতোষ কুমার বিট জানান, মন্দির চত্বরে নৈশপ্রহরী রাখা অথবা সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়ে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।