প্রধানমন্ত্রীর যশোর সফর: কেশবপুরে বিএনপির প্রস্তুতি সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের যশোর সফরকে সামনে রেখে কেশবপুরে প্রস্তুতি সভা করেছে বিএনপি। রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর উপস্থিতিতে সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার ও জনমত গঠনের ওপর জোর দেওয়া হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন।
সভাপতির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ বলেন, “প্রধানমন্ত্রীর এই সফর যশোরবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনসভা সফল করতে কেশবপুর থেকে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল।
এ ছাড়া সভায় সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সফরকে ঘিরে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসভাস্থলে নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘœ করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।












