আমরা মানবিক ও জনবান্ধব পুলিশ হতে চাই: আইজিপি
পত্রদূত ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, “আমরা মানবিক ও জনবান্ধব পুলিশ হতে চাই। পুলিশের প্রতি মানুষের হারানো আস্থা পুনরুদ্ধার করে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে চাই।”
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, গত ১৭ বছরে পুলিশের কার্যক্রমের কারণে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্ব কমিয়ে জনআস্থা ফিরিয়ে আনা এবং শান্তি প্রতিষ্ঠায় পুলিশ কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়ে কাজ করতেই তিনি খুলনায় এসেছেন।
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে আইনি কাঠামোর মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ওই সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশের কার্যক্রম ব্যাহত হয়েছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছিল। বর্তমানে পুলিশ আবারও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। দেশের জনসংখ্যার ঘনত্ব, বেকারত্বসহ নানা সমস্যার কারণে রাতারাতি সবকিছুর পরিবর্তন সম্ভব নয়। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে।
তিনি জনগণকে পুলিশকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের আইনের আওতায় আনার পরও কেউ কেউ আবার একই অপরাধে জড়াচ্ছে। এ ধরনের অপরাধ নির্মূলে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।






