রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রবাসীদের অর্থায়নে মীরডাঙা-দলুইপুরে রাস্তা নির্মাণের উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
প্রবাসীদের অর্থায়নে মীরডাঙা-দলুইপুরে রাস্তা নির্মাণের উদ্যোগ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার মীরডাঙা-দলুইপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও সহযোগিতায় রাস্তা নির্মাণের জন্য ২৭ শতক জমি কেনা হয়েছে। এতে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবের আশায় নতুন করে স্বপ্ন দেখছেন এলাকাবাসী।

রোববার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে রাস্তা নির্মাণের এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দেয়াড়া-যুগিখালি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সড়কসংকট রয়েছে। বিশেষ করে মীরডাঙা-দলুইপুর গ্রামের মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হয়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।

এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে গ্রামের প্রবাসীরা সম্মিলিতভাবে নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে রাস্তা নির্মাণের জন্য নগদ টাকায় ২৭ শতক জমি কেনেন। তাঁদের এ উদ্যোগে দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তা নির্মাণের পথ সুগম হয়েছে।

জমি কেনার উদ্যোগে অংশ নেওয়া প্রবাসীদের মধ্যে রয়েছেন আনারুল ইসলাম, আব্দুল জলিল, রাশিদুল ইসলাম, ফারুক হোসেন ও আলতাব হোসেনসহ আরও অনেকে।

রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সুলতান সরদার, আব্দুল সাত্তার গাজী, হাশেম, আরশাদ আলী, মিজানুর রহমান ও শিক্ষক মাহবুবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের উপযোগী রাস্তা না থাকায় এলাকার মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রবাসীরা এগিয়ে আসায় এখন এ সমস্যার সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁদের এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত রাস্তা নির্মাণের কাজ শেষ হলে মীরডাঙা-দলুইপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে।

Ads small one

আশাশুনিতে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
আশাশুনিতে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি আব্দুল মজিদ ঢালী (৪০)। তিনি চাকলা গ্রামের আবু হানিফ ঢালীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ ঢালী আশাশুনি থানার ২৩ নম্বর মামলার আসামি। ২০২৬ সালের ২৩ জুন দায়ের করা মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটায় এলপিজির গাড়ি আটকে নির্ধারিত দামে বিক্রি করলো বিএনপি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
পাটকেলঘাটায় এলপিজির গাড়ি আটকে নির্ধারিত দামে বিক্রি করলো বিএনপি

এমএম জামান মনি, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় সরকার নির্ধারিত দামের চেয়ে ৪৪০ টাকা বেশি দরে ১২ কেজির বসুন্ধরা এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা গ্যাসবাহী পিকআপ আটকে অতিরিক্ত দামে বিক্রি প্রতিহত করেন। পরে পিকআপে থাকা ১১০টি সিলিন্ডার সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকা দরে বিক্রি করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

গত শনিবার দুপুরে পাটকেলঘাটা বাজারের দিনবন্ধু সাধুর দোকানে বসুন্ধরা এলপিজির পাঁচটি সিলিন্ডার বিক্রি করতে যান কলারোয়ার শিমুল স্টোরের বিক্রয় প্রতিনিধি রাজিব হোসেন। দোকানদারের কাছে প্রতি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকার পরিবর্তে ২ হাজার ৫০০ টাকা দাবি করা হলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।

খবর পেয়ে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, সাধারণ সম্পাদক রকিব সরদার এবং পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মকবুল ইসলামসহ কয়েকজন সেখানে উপস্থিত হন। তাঁরা সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাসবাহী পিকআপটি আটকে দেন। পরে পিকআপে থাকা সিলিন্ডারগুলো নির্ধারিত দামে বিক্রি করা হয়।

দোকানদার দিনবন্ধু সাধু বলেন, ডিলারের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকায় গ্যাস কিনলে খুচরা পর্যায়ে কত দামে বিক্রি করবেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। বেশি দামে কিনে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে চাননি বলেও জানান তিনি।

বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মকবুল ইসলাম অভিযোগ করেন, বসুন্ধরা গ্রুপের ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে গ্যাস বিক্রি করছেন। তবে এ অভিযোগের বিষয়ে কোম্পানির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, শিমুল স্টোরের শহিদুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী কোম্পানি গ্যাস সরবরাহ করতে পারছে না। সম্প্রতি কিছু সিলিন্ডার পাওয়া গেলেও সেগুলো বেশি দামে কিনতে হয়েছে। এ কারণে তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু বলেন, কয়েক দিন ধরে বাজারে গ্যাসের সংকট ও বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। গত শনিবার দুপুরে বসুন্ধরা গ্যাসের একটি গাড়ি বাজারে আসার পর সিলিন্ডারপ্রতি ৫০০ টাকা বেশি নেওয়ার খবর পেয়ে তাঁরা সেখানে যান। পরে ১১০টি সিলিন্ডার নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা করেন। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগও করেন তিনি।

আশাশুনিতে দুটি মাতিবিল খাল পুনঃখননের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
আশাশুনিতে দুটি মাতিবিল খাল পুনঃখননের দাবি

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খনন করা দুটি মাতিবিল খাল পুনঃখননের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের সাতক্ষীরা জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি নাজিরুল ইসলাম।

আবেদনে নাজিরুল ইসলাম উল্লেখ করেন, শোভনালী ইউনিয়নের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাঁশখালী ও বালিয়াপুর গ্রামের মাতিবিল নামের খাল দুটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এর মধ্যে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আংশিক বাঁশখালী গ্রামের মাতিবিল খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খনন করা হয়েছিল। অপর খালটি ৬ নম্বর ওয়ার্ডের বালিয়াপুর গ্রাম হয়ে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মরিচ্চাপ নদীর সুইচগেটের সঙ্গে যুক্ত হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়েছে, প্রভাবশালী ব্যক্তিরা খাল দুটি অবৈধভাবে দখল করে রেখেছেন। এগুলো দখলমুক্ত করে পুনঃখনন করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বাড়বে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে ব্যাপক দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়তে হয়।

আবেদনকারীর দাবি, খাল দুটি পুনঃখনন করা হলে প্রায় ১০ হাজার বিঘা জমি মাছ চাষ ও ধান আবাদের উপযোগী হবে। পাশাপাশি অতিবৃষ্টিতে শোভনালী ইউনিয়নসহ আশপাশের চারটির বেশি ইউনিয়নে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা কমানো সম্ভব হবে। এ অবস্থায় খাল দুটি পুনঃখননে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।