ফিরছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা
নিজস্ব প্রতিনিধি: দুই বছর বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে এই লোকজ মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলা ঘিরে জেলাজুড়ে বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসব-উদ্দীপনা।
পরিস্থিতির প্রেক্ষাপটে এবার হয়তো মেলায় আগের মতো বিস্তীর্ণ পরিসর এবং সার্কাস, যাত্রা, হাউজি, যাদু, মৃত্যুকূপ কিংবা বিচিত্রা অনুষ্ঠানের মতো বিনোদনের হরেক অনুষঙ্গ থাকছে না। তবে শত বছরের ঐতিহ্য রক্ষার স্বার্থে মেলাটি পুনরায় আয়োজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিশ্লেষকদের মতে, গুড়পুকুরের মেলা কেবল পণ্য কেনাবেচার বাণিজ্যিক আয়োজন নয়; এটি স্থানীয় সামাজিক মিলন ও গ্রামীণ সংস্কৃতির একটি বড় উপাদান। দীর্ঘদিন ধরে এটি বিনোদন, কেনাকাটা ও পারস্পরিক সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত। মেলার দিনগুলোতে বিভিন্ন অঞ্চল থেকে আত্মীয়স্বজনেরা সাতক্ষীরায় সমবেত হন। পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘোরাঘুরি ও কেনাকাটার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিকে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়।
দীর্ঘ বিরতির পর এবার উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজক ও স্থানীয় বাসিন্দারা। মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা, চাঁদা আদায় বা মব প্রতিরোধে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।









