তারিক ইসলাম
আজকের কংক্রিটের শহরে নিঃশ্বাস নেওয়া যেন এক কঠিন সংগ্রাম। মাত্রাতিরিক্ত নগরায়ণ, যানবাহনের কালো ধোঁয়া আর অপরিকল্পিত শিল্পায়ন প্রতিনিয়ত আমাদের চারপাশের বাতাসকে বিষাক্ত করে তুলছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে কেবল যেকোনো গাছ লাগালেই চলবে না, বরং প্রয়োজন এমন সব উদ্ভিদ নির্বাচন করা যা অধিক পরিমাণে অক্সিজেন উৎপাদন এবং বাতাস পরিশুদ্ধ করতে সবচেয়ে বেশি পারদর্শী। বাংলাদেশের আবহাওয়া ও মাটিতে প্রাকৃতিকভাবেই এমন কিছু গাছ জন্মে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত কার্যকর।
আমাদের পরিবেশ রক্ষায় সহায়ক এমন শীর্ষ ৫টি উচ্চ অক্সিজেন প্রদানকারী গাছের বিবরণ তুলে ধরা হলো:
১. অশ্বত্থ গাছ
তালিকার শীর্ষেই রয়েছে অশ্বত্থ গাছ। এর রয়েছে কার্বন ডাই অক্সাইড শোষণের অসামান্য ক্ষমতা। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, বিশেষ মেটাবলিক প্রক্রিয়া বা ‘ক্যাম’ পাথওয়ের কারণে এটি রাতের বেলাতেও বায়ুমন্ডলে অক্সিজেন নির্গত করতে সক্ষম। এর সুবিশাল ক্যানোপি বা পাতার বিস্তার বাতাস থেকে প্রচুর ধূলিকণা দূর করে এবং শহুরে উষ্ণতা কমাতে দারুণ কার্যকরী।
২. বট গাছ
আমাদের গ্রামীণ জনপদের চিরচেনা বট গাছ তার বিশাল আকৃতি এবং সুবিশাল ডালপালার কল্যাণে এক একটি প্রাকৃতিক অক্সিজেন কারখানা। এর পাতার মোট উপরিভাগ বা সারফেস এরিয়া অনেক বেশি হওয়ায় সালোকসংশ্লেষণের মাত্রা বহুগুণ বেড়ে যায়। বিপুল পরিমাণ সবুজ পাতার প্রাচুর্য থাকায় এটি আশেপাশের পরিবেশকে সবসময় শীতল ও সতেজ রাখে।
৩. নিম গাছ
পরিবেশবান্ধব গাছের তালিকায় নিম গাছের নাম সর্বাগ্রে আসে। এটি কেবল দিনের বেলায় বিপুল পরিমাণ অক্সিজেনই তৈরি করে না, বরং বাতাসকে প্রাকৃতিক ফিল্টার হিসেবে পরিষ্কার রাখে। বায়ুমন্ডলের ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস শোষণ করে পরিবেশ ঠান্ডা রাখতে এবং বাতাসকে বিষমুক্ত করতে নিম গাছের জুড়ি মেলা ভার।
৪. অর্জুন গাছ
রাস্তার ধার কিংবা মেঠোপথে পরম যতেœ বেড়ে ওঠা অর্জুন একটি ঘন পাতার চিরহরিৎ গাছ। এর চওড়া ক্যানোপি দ্রুতগতিতে বাতাস থেকে কার্বন সেকুয়েস্ট্রেশন (কার্বন আটকে রাখা) কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করে। ফলস্বরূপ, এই গাছটি প্রচুর পরিমাণে অক্সিজেন বায়ুমন্ডলে ফিরিয়ে দিতে সক্ষম।
৫. জাম গাছ
আমাদের চেনা পরিচিত জাম গাছ অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় এবং এর পাতার ঘনত্ব বেশ বেশি। এটি বাতাস থেকে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের মতো মারাত্মক দূষিত উপাদানগুলো শুষে নিয়ে বিশুদ্ধ অক্সিজেন ফিরিয়ে দিতে অত্যন্ত পারদর্শী। দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় এই ফল গাছের অবদান অনস্বীকার্য।
বায়ুদূষণের এই চরম সংকটময় সময়ে আমাদের বাড়ির আঙিনা, গ্রামীণ সড়ক, মহাসড়কের পাশ কিংবা কংক্রিটের শহুরে চত্বরে অশ্বত্থ, বট, নিম, অর্জুন ও জামের মতো উপকারী গাছগুলো সংরক্ষণ ও রোপণ করা অত্যন্ত জরুরি। একটি সবুজ, সুস্থ ও প্রাণবন্ত ভবিষ্যৎ গড়তে এখনই আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
লেখক: তারিক ইসলাম, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।