শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

বকেয়া ভাড়া ও অনিয়ম ঢাকতে সাগরদাঁড়ীতে এডহক কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
বকেয়া ভাড়া ও অনিয়ম ঢাকতে সাগরদাঁড়ীতে এডহক কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের পুরোনো গ্রিল, বেঞ্চ, চেয়ার-টেবিল, তামার তার ও লোহার পাইপসহ বিভিন্ন ভাঙড়ি মালামাল বিক্রির বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে নানা অভিযোগ ছড়িয়ে পড়েছে। তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, টেন্ডার ছাড়াই গোপনে মালামাল বিক্রির অভিযোগের কোনো সত্যতা নেই। বরং প্রতিষ্ঠানের ৭৪টি দোকানঘরের দীর্ঘদিনের বকেয়া ভাড়া ও অনিয়মের বিষয়টি সামনে আসার পরই একটি মহল প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে নেমেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের মোট ৭৪টি দোকানঘর রয়েছে। কয়েক বছর আগে দোকানগুলো ইজারা দেওয়া হলেও বর্তমানে অনেক ইজারাদারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। দোকান নেওয়ার সময় জামানত হিসেবে ২০ হাজার টাকা এবং মাসিক ৭০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই কয়েকজন দোকান ইজারাদার নিজেদের দোকান অন্য ব্যক্তির কাছে দুই লাখ ৭৫ হাজার, দেড় লাখ ও এক লাখ টাকা পর্যন্ত জামানতের বিনিময়ে হস্তান্তর করেছেন। একই সঙ্গে কোথাও কোথাও মাসিক ভাড়াও দুই হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ এসব আর্থিক লেনদেনের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কিছুই অবগত নয়।

প্রতিষ্ঠানটির দাবি, বিভিন্ন দোকান ইজারাদারের কাছে বর্তমানে প্রায় ১২ লাখ টাকা ভাড়া বকেয়া রয়েছে। এ বিষয়ে সাবেক সভাপতি সোহরাব হোসেনের বিরুদ্ধে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের দাবি, তার নিজের কাছেও প্রতিষ্ঠানের বকেয়া পাওনা রয়েছে, যার ফলে বিষয়টির দীর্ঘদিন ধরে কার্যকর কোনো সমাধান হয়নি।

সম্প্রতি নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের দোকানঘরগুলোর বকেয়া ভাড়া, ইজারা ও সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা শুরু হয়। এ লক্ষ্যে চলতি মাসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দোকানদার, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সভায় দীর্ঘদিনের বকেয়া ভাড়া আদায়, মেয়াদোত্তীর্ণ দোকানঘরের বিষয়টি নিষ্পত্তি এবং প্রতিষ্ঠানটির দোকানগুলো সংস্কারের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিনের বকেয়া টাকা আদায়ের উদ্যোগ নেওয়ার পর থেকেই একটি পক্ষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

এরই মধ্যে গত ১৮ আগস্ট প্রতিষ্ঠানের কিছু পুরোনো ও অপ্রয়োজনীয় ভাঙড়ি মালামাল বিক্রি করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পুরোনো গ্রিল, বেঞ্চ, চেয়ার-টেবিল ও লোহার পাইপসহ বিভিন্ন অচল ও পরিত্যক্ত মালামাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিক্রি করা হয়েছে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, শিক্ষকমণ্ডলী, বাজার কমিটির সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুভাষ দেবনাথ, স্কুলের অভিভাবক সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত বলেন, “কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবার উপস্থিতিতেই ভাঙড়ি মালামাল বিক্রি করা হয়েছে। এসব মালামাল বিক্রি করে এক লাখ তিন হাজার টাকা পাওয়া গেছে। বিক্রির সম্পূর্ণ টাকা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের গোপনীয়তা বা অনিয়মের ঘটনা ঘটেনি।”

স্থানীয়দের মতে, মূল বিষয় ভাঙড়ি মালামাল বিক্রি নয়; বরং প্রতিষ্ঠানের প্রায় ১২ লাখ টাকা বকেয়া ভাড়া আদায়, অনুমোদন ছাড়া দোকান হস্তান্তরের অভিযোগ এবং দোকানঘর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়মের বিষয়গুলো সামনে আসায় এ নিয়ে বিরোধ ও অপপ্রচার শুরু হয়েছে।

Ads small one

দেবহাটায় শ্মশানের জমি বিরোধ নিয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
দেবহাটায় শ্মশানের জমি বিরোধ নিয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ২৭ আগস্ট সকালে দেবহাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সুবর্ণাবাদ মহাশ্মশানের প্রতিষ্ঠাতা তাঁর বাবা নিরাপদ সরকার। তবে বাবার দান করা সম্পত্তি নিয়ে নয়, তাঁর নিজের রেকর্ডীয় জমি নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে। শ্মশানের পরিত্যক্ত কাঠ তাঁর জমিতে রাখায় তিনি সেগুলো সরিয়ে নিজের জমিতে গাছ লাগান। কিন্তু পরবর্তীতে সেই গাছ উপড়ে ফেলে ও সীমানা প্রাচীর ভেঙে তা দখল করা হয়।
জগদীশ সরকার জানান, পরবর্তীতে প্রতিপক্ষরা ব্যর্থ হয়ে তাঁর বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ ও সুদের ব্যবসার মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করে। তিনি দাবি করেন, উপবৃত্তির অর্থ সরাসরি অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে যায় এবং বিদ্যালয়ে কোনো অনিয়ম ঘটে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তিনি সঠিক বিচার প্রত্যাশা করেন।

দেবহাটায় সার ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
দেবহাটায় সার ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৯ আগস্ট বেলা পাঁচটায় এ অভিযান পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সখিপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে ‘চাষী ঘর’-এর স্বত্বাধিকারী আজাহারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান, মজুত খাতা, রেজিস্টার খাতা ও ক্যাশ মেমো সঠিক না থাকায় এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদকীয়/ উপকূলের নারী শ্রমিকের নীরব লড়াই ও টেকসই সুরক্ষার দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ উপকূলের নারী শ্রমিকের নীরব লড়াই ও টেকসই সুরক্ষার দাবি

প্রকৃতির বৈরী আচরণ আর ভৌগোলিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলগুলোর মানুষ জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সুন্দরবনের ওপর নির্ভরশীল শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার মানুষের জীবনজীবিকার গতিপথ অনেকটাই নির্ধারিত হয় জোয়ার-ভাটার টানে। তবে প্রজনন ও জীববৈচিত্র্য সুরক্ষায় বন বিভাগের পাঁচ মাসের বাৎসরিক নিষেধাজ্ঞা এবং ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ বন্দিশা কাল উপকূলের অর্থনীতিকে স্থবির করে দেয়। এই দীর্ঘ ছুটির সময়গুলোতে বিকল্প উপার্জনের অভাব পুরুষদের কর্মহীন করে তোলে, যার পরোক্ষ চাপে পরিবারের দিনযাপনের মূল দায়িত্বটি এসে পড়ে নারীদের কাঁধে।
নিষেধাজ্ঞাকালীন অর্থনৈতিক দুর্যোগ উপকূলীয় নারীদের শ্রমে যুক্ত হওয়ার সুযোগ বাড়ালেও তা এক অন্যায্য ও বৈষম্যমূলক বাস্তবতাকে উন্মোচিত করছে। পুরুষের সমপরিমাণ কিংবা কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করেও নারীরা পাচ্ছেন প্রায় অর্ধেক মজুরি। এই কম মজুরির সুযোগ নিয়ে একশ্রেণির ঘেরমালিক ও স্থানীয় নিয়োগকর্তারা নারী শ্রমিকদের শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। শ্রমের এমন অসম মূল্যায়ন কেবল মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থীই নয়, বরং উপকূলের অর্থনৈতিক নিরাপত্তাকে আরও দুর্বল করে তুলছে।
অন্যদিকে, সংকটকালীন সরকারি সহায়তা বা ভিজিএফ চাল দেওয়ার যে প্রক্রিয়া চালু রয়েছে, সেখানেও রয়ে গেছে সমন্বয়হীনতার বড় ঘাটতি। জেলায় প্রকৃত জেলের সংখ্যার তুলনায় নিবন্ধিত ও সহায়তাপ্রাপ্তদের তালিকা অত্যন্ত অপ্রতুল। শুধু সরকারি চাল দিয়ে যে একটি পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণ সম্ভব নয়Ñএই সত্যটি নীতিপ্রণেতাদের উপলব্ধিতে আসা প্রয়োজন। চালের পাশাপাশি অন্যান্য মৌলিক পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকলে অসচ্ছল জেলে পরিবারগুলো দাদন ও ঋণের জালে আবদ্ধ হতে বাধ্য হয়।
উপকূলের নদী ও বনের ওপর থেকে অতিরিক্ত চাপ কমাতে প্রজননকালীন নিষেধাজ্ঞা অত্যন্ত জরুরি হলেও তা যেন সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারকে বিপন্ন না করে। মৎস্য, খাদ্য ও বন বিভাগের মধ্যে সুনির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে প্রকৃত বনজীবী ও জেলেদের একটি সমন্বিত তথ্যভা-ার তৈরি করা দরকার। সহায়তার ব্যাপ্তি বাড়ানোর পাশাপাশি নারীদের কাজের ক্ষেত্রে সমমজুরি নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি জোরদার করা সময়ের দাবি। একই সঙ্গে, জলবায়ু অভিযোজনের আওতায় অনাসৃষ্টির সময়ে বিকল্প কর্মসংস্থানের টেকসই ব্যবস্থা গড়ে না তুললে এই মানবিক সংকট প্রতিবছরই নতুন রূপ ধারণ করবে।