বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কউসার আলীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, সহসভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী এবং ভূমিহীন নেতা রেজাউল ইসলাম প্রমুখ ।

বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার আন্দোলনে জেলার সাধারণ মানুষের পাশাপাশি ভূমিহীনদেরও অবদান ছিল। তাঁদের দাবি, বর্তমানে ভূমিহীন ও দরিদ্র মানুষ হাসপাতাল থেকে প্রত্যাশিত চিকিৎসাসেবা পাচ্ছেন না।

সমাবেশে বক্তারা হাসপাতালের সেবাব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বলেন, এর প্রভাব পড়ছে সাধারণ রোগীদের ওপর। বিশেষ করে ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে না বলেও তাঁরা দাবি করেন। হাসপাতালের সেবার মান উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, হাসপাতালের পরিচালক নিয়মিত অফিসে উপস্থিত থাকলে প্রশাসনিক তদারকি আরও কার্যকর হবে এবং সেবার মান উন্নত হবে। এসময় মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মী, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

Ads small one

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ, দুর্ভোগের অবসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ, দুর্ভোগের অবসান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া বোয়ালমারী এলাকায় বাঁশদহা নদীর ওপর অবশেষে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য হাফেজ রবিউর বাশারের বিশেষ বরাদ্দে সেতুটি নির্মিত হওয়ায় কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটল।
দীর্ঘদিন ধরে এই নদী পারাপারে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বর্ষা মৌসুমে খেয়া পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। সেতুটি উদ্বোধনের পর থেকে ওই এলাকার উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও যাতায়াত সহজ হয়েছে। কাঠের সেতুটি রক্ষণাবেক্ষণের পাশাপাশি ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পাটকেলঘাটায় ‘দৈনিক প্রতিদিনের কথা’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ‘দৈনিক প্রতিদিনের কথা’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

পাটকেলঘাটা প্রতিনিধি: যশোর থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক ‘প্রতিদিনের কথা’র নবম বর্ষে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক প্রতিদিনের কথার পাটকেলঘাটা প্রতিনিধি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল মমিন, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, সহসভাপতি নাজমুল হক খান ও তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর আলী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাটকেলঘাটা হারুন-অর-রশীদ কলেজের প্রভাষক নাজমুল হক।

সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুকে দেখতে গেলেন জামায়াত নেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুকে দেখতে গেলেন জামায়াত নেতারা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছে ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাঁর চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
হাসপাতাল পরিদর্শনের সময় সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ হাসান এবং মেডিকেল শিবিরের সভাপতিসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।