বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলায় ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলায় ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের আট দিন পর লা গুয়াইরা শহরের একটি শপিং সেন্টারের ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪৩ বছর বয়সী এই ব্যক্তির নাম হার্নান আলবার্তো গিল ফ্লোরেস, যিনি ওই ভবনে রাতের শিফটের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। গত ২৪ জুন ৭.২ এবং ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শপিং সেন্টারটি ধসে পড়ার পর থেকেই তিনি এর বেইসমেন্টে আটকে ছিলেন।

দীর্ঘ ৮ দিনের এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান সফল হওয়ার পর ঘটনাস্থলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ধারকর্মীরা যখন বৃহস্পতিবার ভোরে তাকে স্ট্রেচারে করে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলছিলেন, তখন উপস্থিত বিভিন্ন দেশের উদ্ধারকারী দলের সদস্যরা হাততালি ও উল্লাসের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। সাধারণত যেকোনো দুর্যোগে প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টাকে জীবিত উদ্ধারের জন্য গোল্ডেন আওয়ার বা গুরুত্বপূর্ণ সময় ধরা হলেও, আট দিন পর গিল ফ্লোরেসের বেঁচে ফেরাটাকে একটি বিরল ও অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন সবাই।

রেড ক্রসের উদ্ধারকর্মীরা জানান, ভূমিকম্পের সময় গিল ফ্লোরেস তার ছোট নিরাপত্তাকক্ষে ছিলেন। পুরো ভবন ধসে পড়লেও সৌভাগ্যবশত তার কক্ষটি সম্পূর্ণ ভেঙে যায়নি, যার ফলে তিনি প্রাণে বেঁচে যান এবং সেখানে পর্যাপ্ত বাতাসও ছিল। আটকে থাকা অবস্থায় দূরনিয়ন্ত্রিত লম্বা ক্যামেরার সাহায্যে তার অবস্থান শনাক্ত করা হয়। অভিযানের শেষ তিন দিন একটি সরু ছিদ্র দিয়ে তাকে নিয়মিত পানি ও তরল পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়েছিল, যা তাকে পানিশূন্যতা থেকে রক্ষা করে। চিলির অভিজ্ঞ দমকলকর্মী মারিয়া পাস কাম্পোস পুরো সময় তার সাথে কথা বলে মানসিক সাহস জুগিয়েছেন। এমনকি উদ্ধারের ঠিক আগমুহূর্তে গিল ফ্লোরেসকে সময় কাটানোর জন্য ছবি আঁকতেও দেখা গেছে।

কৌতূহলোদ্দীপক বিষয় হলো, ধ্বংসস্তূপের নিচে প্রথম যখন তার সন্ধান মেলে, তখন গিল ফ্লোরেস উদ্ধারকর্মীদের অনুরোধ করেছিলেন যেন তার জীবিত থাকার খবরটি তার স্ত্রীকে না জানানো হয়। কারণ, উদ্ধার অভিযান ব্যর্থ হলে তার পরিবার যেন নতুন করে আর কষ্ট না পায়। তবে চিলি, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও মেক্সিকোসহ বিভিন্ন দেশের যৌথ উদ্ধারকারী দল তাকে যেকোনো মূল্যে বের করে আনার দৃঢ় সিদ্ধান্ত নেয়। স্বামীর বেঁচে থাকার খবরে দুই সন্তানের জননী গুসবিমার গনসালেসের পরিবারে এখন আনন্দের বন্যা বইছে।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস এই সফল অভিযানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “একটি মানুষের জীবন বাঁচানোর জন্য সবাই একসঙ্গে কাজ করলে মানবতার সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত তৈরি হয়।” উল্লেখ্য, ২৪ জুনের এই জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় এ পর্যন্ত ২,২৯০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১১,২০০ জনেরও বেশি আহত হয়েছেন। দেশটির অর্থনৈতিক ও দুর্বল স্বাস্থ্য কাঠামোর কারণে যখন উদ্ধারকাজ চরম সংকটের মুখে, তখন গিল ফ্লোরেসের এই বেঁচে ফেরা পুরো জাতির কাছে এক নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

Ads small one

পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে পাটকেলঘাটা বাবলু মার্কেটের সামনে মহাসড়কের পাশে আমগাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ করা হবে। এখন থেকে জেলার বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বাবলু মার্কেটের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী আলহাজ বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও যুবদল-ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা।

দেশ উন্নয়নে প্রধানমন্ত্রী পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করছেন: হাবিবুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
দেশ উন্নয়নে প্রধানমন্ত্রী পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করছেন: হাবিবুল ইসলাম

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশের মানুষের ভাগ্য ও জীবনমান পরিবর্তনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সফল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের উন্নয়নে পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন।
বুধবার বিকেল ৫টায় পাটকেলঘাটায় একটি মোটরসাইকেল শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব ও কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করেছিলেন, তাঁদেরই উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য কাজ করছেন। সাধারণ মানুষের সুবিধার্থে সরকার দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। এ সময় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, দেশের সার্বিক উন্নয়নে তাদের কোনো ইতিবাচক ভূমিকা নেই, তারা সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পছন্দ করে।

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির মূল উদ্বোধনী অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।