ভ্যান চুরি, বন্ধ উপার্জনের পথ: অসহায় সুকুমারের পরিবারের পাশে দাঁড়ানোর আকুতি
নিজস্ব প্রতিনিধি: একটি ইঞ্জিনচালিত ভ্যানই ছিল সুকুমারের পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেই ভ্যানটিও চুরি হয়ে যাওয়ায় এখন দিশেহারা তিনি। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কীভাবে সংসার চালাবেন, কীভাবে সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখবেন—তা ভেবে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।
গত শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরের নিচ থেকে ভ্যানটি চুরি হয়। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভ্যানটি রেখে গিয়েছিলেন সুকুমার। ফিরে এসে আর সেটি পাননি। ভ্যান হারানোর পর থেকে তাঁর আয়ের পথ কার্যত বন্ধ হয়ে গেছে।
একসময় বাটার সেলসম্যান হিসেবে কাজ করতেন সুকুমার। কিন্তু করোনা মহামারির সময় চাকরি ও ব্যবসা হারিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। ব্যবসার লোকসান ও দেনা পরিশোধ করতে গিয়ে বিক্রি করতে হয় বসতভিটার জমিও। এখন পরিবার নিয়ে থাকেন ভাড়া বাসায়। পড়াশোনা করছে তাঁর স্কুলপড়ুয়া দুই সন্তান।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সুকুমার ভ্যান চালানোর পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে দায়িত্ব পালন করে কোনোমতে সংসার চালাতেন। ঋণের কিস্তিও পরিশোধ করতেন সেই আয় থেকে। স্থানীয়দের সহযোগিতায় সম্প্রতি ভ্যানটি সংস্কার করা হয়েছিল। কিন্তু সেটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি আবারও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
সুকুমারের পরিবারের এই দুর্দিনে একটি নতুন ভ্যানই হতে পারে ঘুরে দাঁড়ানোর প্রধান অবলম্বন। সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও মানবিক মানুষদের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সামান্য সহযোগিতাও পারে একটি অসহায় পরিবারের আয়ের পথ ফিরিয়ে দিতে, দুই শিশুর পড়াশোনা চালু রাখতে এবং পরিবারটিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে।
সহযোগিতা ও যোগাযোগ: ০১৩১৫-৫৫৪৮৩৯৯/ ০১৭৯৯-৯২৮৭৭৯









