মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর: মুনীর চৌধুরী
তারিক ইসলাম
বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাস ও সাংস্কৃতিক জাগরণের কথা উঠলে যে কজন ক্ষণজন্মা মনীষীর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী তাঁদের অন্যতম। ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জে জন্ম নেওয়া এই বহুমাত্রিক প্রতিভা মাত্র ৪৬ বছরের জীবনে শিক্ষক, ভাষাতত্ত্ববিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও সংস্কৃতিকর্মী হিসেবে যে অবদান রেখে গেছেন, তা আজও আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর বাহিনীর হাতে অপহৃত হওয়ার পর তাঁর মরদেহের আর কোনো সন্ধান মেলেনি। নিয়তির কী নির্মম পরিহাস—কালজয়ী ‘কবর’ নাটকের স্রষ্টার নিজের কোনো কবর রচিত হয়নি; তিনি মিশে আছেন স্বাধীন বাংলাদেশের প্রতিটি ধূলিকণায়।
মুনীর চৌধুরীর জীবন ও কর্ম পর্যালোচনা করলে দেখা যায়, তাঁর প্রতিটি পদক্ষেপে ছিল গভীর মননশীলতা ও আপসহীন প্রতিবাদী চেতনার ছাপ। ১৯৫০ সালে ঢাকার জগন্নাথ কলেজে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা শুরু করার পর থেকেই তিনি শিক্ষার্থীদের কাছে কিংবদন্তিতুল্য জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর পাঠদান ও বাগ্মিতা এতটাই আকর্ষণীয় ছিল যে, অন্য বিভাগের শিক্ষার্থীরাও তাঁর ক্লাসে ভিড় জমাতেন। তবে তিনি শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালে আবদ্ধ শিক্ষক ছিলেন না। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রমিছিলে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে শিক্ষকদের সংগঠিত করতে গিয়ে ২৬ ফেব্রুয়ারি তিনি গ্রেপ্তার হন এবং দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকেন।
কারাগারের বন্দিজীবনকে তিনি হতাশার মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং তা পরিণত করেছিলেন সৃজনশীলতা ও জ্ঞানচর্চার উর্বর ক্ষেত্রে। সহবন্দী রণেশ দাশগুপ্তের অনুরোধে এবং কারাগারের সীমিত পরিবেশের কথা বিবেচনায় রেখে তিনি রচনা করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী নাটক ‘কবর’। উজ্জ্বল আলো বা মঞ্চসজ্জা ছাড়াই হারিকেন ও প্রদীপের আবহে গোরস্তানের পটভূমিতে নির্মিত এই নাটক ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঞ্চস্থ হয়ে ইতিহাস সৃষ্টি করে। একই কারাবাসকালে অধ্যাপক অজিত গুহের অনুপ্রেরণায় তিনি বাংলা সাহিত্যে প্রিলিমিনারি এমএ পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন, যা তাঁর অদম্য জ্ঞানস্পৃহার পরিচায়ক।
মুনীর চৌধুরীর দর্শন ছিল যুক্তিবাদী, প্রগতিশীল ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ। তিনি বিশ্বাস করতেন, ভাষা ও সংস্কৃতি কোনো সংকীর্ণ গণ্ডির বিষয় নয়; বরং মানুষের আত্মমর্যাদা ও মুক্তির হাতিয়ার। ষাটের দশকে পাকিস্তানি শাসকগোষ্ঠী যখন বাংলা বর্ণমালা ও বানান সংস্কারের নামে ভাষার মূল কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেয় কিংবা বেতার-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার নিষিদ্ধ করে, তখন তিনি নির্ভীকভাবে প্রতিবাদে শামিল হন। শুধু তাত্ত্বিক বিরোধিতাই নয়, বাংলা ভাষাকে আধুনিক ও প্রযুক্তিবান্ধব করার লক্ষ্যে ১৯৬৫ সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে তিনি বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কি-বোর্ড উদ্ভাবন করেন, যা পরবর্তীতে জার্মান কোম্পানি ‘মুনীর অপটিমা’ নামে বাজারজাত করে।
নাট্যকার ও নির্দেশক হিসেবেও মুনীর চৌধুরী ছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। ‘রক্তাক্ত প্রান্তর’, ‘চিঠি’, ‘দণ্ডকারণ্য’, ‘পলাশী ব্যারাক ও অন্যান্য’ কিংবা অনুবাদ ও রূপান্তরিত নাটক ‘মুখরা রমণী বশীকরণ’-এর মাধ্যমে তিনি এ দেশের আধুনিক নাট্যচর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যান। ঢাকা টেলিভিশনের প্রথম নাটক ‘একতালা-দোতালা’ও তাঁর রচনা। নাট্যনির্দেশনায় তিনি যেমন চরিত্রের সূক্ষ্ম অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারতেন, তেমনি অভিনয়শিল্পীদের নিজস্ব সত্তা ও স্বাধীনতাকেও সম্মান করতেন।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে মুনীর চৌধুরীর জীবনদর্শন ও আদর্শের প্রাসঙ্গিকতা আরও গভীরভাবে অনুভূত হয়। আজ যখন যুক্তিবাদী চিন্তার চেয়ে অন্ধ আবেগ ও অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, শিক্ষাব্যবস্থায় যখন জ্ঞানচর্চার চেয়ে সনদসর্বস্বতা প্রাধান্য পায় এবং মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির চর্চা নানা ক্ষেত্রে উপেক্ষিত হয়, তখন মুনীর চৌধুরীর মতো আলোকবর্তিকার প্রয়োজন আমরা উপলব্ধি করি। তিনি আমাদের শিখিয়েছেন, প্রতিকূল পরিবেশেও কীভাবে মাথা উঁচু করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয় এবং নিজস্ব ঐতিহ্য ধারণ করে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়।
মুনীর চৌধুরী কেবল একটি নাম নন, তিনি আমাদের বুদ্ধিবৃত্তিক বিবেকের প্রতীক। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, সাহিত্য ও সংগ্রামের ইতিহাস যথাযথভাবে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাঁর আদর্শ ধারণ করে একটি মুক্তবুদ্ধিসম্পন্ন, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণই হতে পারে এই মহান শহীদ বুদ্ধিজীবীর প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।
লেখক: তারিক ইসলাম, তরুণ লেখক ও চিন্তক, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি









