মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয়

সচ্চিদানন্দ দে সদয়

দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে হাজির করে আনন্দ ও বিষাদের এক মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা, শিউলির সুবাস আর ঢাকের শব্দে যে উৎসবের সূচনা, নবমীতে এসে তার বিদায়বেলার সুর স্পষ্ট হয়ে ওঠে। আর মাত্র এক দিন পরেই বিজয়া দশমী। দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে, আর ভক্তরা ফিরে যাবেন দৈনন্দিন জীবনের ব্যস্ততায়। কিন্তু মহানবমীর তাৎপর্য কি শুধু দেবীর বিদায়ঘন মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ? নিশ্চয়ই নয়। মহানবমী শক্তির আরাধনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ এবং মানুষের ভেতরের শুভবোধ জাগিয়ে তোলার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব।

 

তবে এর আবেদন পূজার ম-প কিংবা ধর্মীয় আচারের গ-িতে আটকে নেই। এই উৎসব মানুষকে কাছাকাছি আনে, আত্মীয়তার বন্ধন দৃঢ় করে এবং সামাজিক সম্প্রীতির সুযোগ তৈরি করে। ষষ্ঠীর বোধন থেকে সপ্তমী ও অষ্টমী পেরিয়ে নবমীতে এসে উৎসবের আনন্দের সঙ্গে যুক্ত হয় আত্মসমীক্ষার আহ্বান। দেবীকে বিদায় জানানোর প্রস্তুতির পাশাপাশি প্রশ্ন জাগেÑদেবীর আরাধনায় যে শক্তি, সাহস ও ন্যায়ের কথা বলা হয়, বাস্তব জীবনে তার কতটা প্রতিফলন ঘটাতে পেরেছি আমরা? হিন্দু পুরাণে দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। দেবতাদের সম্মিলিত শক্তিতে আবির্ভূত দেবী মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করেন।

 

এই কাহিনির মূল শিক্ষা হলো, অন্যায় ও অত্যাচার যত শক্তিশালীই হোক, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। রামায়ণের প্রচলিত কাহিনি অনুসারে, রাবণের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভের জন্য শ্রীরাম শরৎকালে দেবী দুর্গার অকালবোধন ও পূজা করেছিলেন। প্রচলিত বিশ্বাসে, ১০৮টি নীলপদ্ম নিবেদনের ঘটনাও এই উপাখ্যানের সঙ্গে যুক্ত। এই পূজা অকালবোধন নামে পরিচিত। তবে দুর্গাপূজার আচার ও তিথি বিভিন্ন শাস্ত্রীয় পরম্পরায় ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই নবমীর তাৎপর্য বুঝতে হলে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এর অন্তর্নিহিত নৈতিক শিক্ষার দিকেও নজর দেওয়া প্রয়োজন। মহানবমী দুর্গাপূজার অন্যতম প্রধান তিথি।

 

এদিন দেবীর বিহিত পূজা, মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি ও হোম-যজ্ঞের মাধ্যমে ভক্তরা তাঁর কাছে মঙ্গল, শান্তি ও কল্যাণ কামনা করেন। অঞ্চল ও পূজাপদ্ধতি অনুযায়ী আচার-অনুষ্ঠানে কিছু পার্থক্য দেখা যায়। এসব আচার ভক্তির প্রকাশ হলেও পূজার প্রকৃত শিক্ষা নিহিত রয়েছে মানুষের চিন্তা ও আচরণের পরিবর্তনে। মহানবমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক তাৎপর্য হলো নারীশক্তির স্বীকৃতি। দেবী দুর্গাকে শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়। তিনি অসুরবিনাশিনী, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। কিন্তু যে সমাজে দেবীকে শক্তিরূপে পূজা করা হয়, সেই সমাজেই যখন নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও বৈষম্যের ঘটনা ঘটে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠেÑআমাদের আরাধনার সঙ্গে বাস্তব জীবনের এত ব্যবধান কেন? নারীকে দেবী বলে সম্বোধন করলেই তাঁর অধিকার প্রতিষ্ঠিত হয় না।

 

প্রয়োজন পরিবারে, কর্মক্ষেত্রে ও রাষ্ট্রীয় ব্যবস্থায় তাঁর সমান মর্যাদা নিশ্চিত করা। নারীর শিক্ষা, নিরাপত্তা, স্বাধীন মতপ্রকাশ এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নারীকে কেবল পূজার প্রতীক হিসেবে দেখলে চলবে না; মানুষ হিসেবে তাঁর অধিকার ও ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করতে হবে।মহানবমীর শক্তির বার্তা তখনই অর্থবহ হবে, যখন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্র কার্যকর ভূমিকা নেবে। ম-পে দেবীর সামনে প্রদীপ জ্বালানোর পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহসও জ্বালাতে হবে। কারণ শক্তির আরাধনা আর শক্তির বাস্তব প্রয়োগ এক বিষয় নয়। মহিষাসুরকে পরাজিত করার কাহিনি কেবল পৌরাণিক যুদ্ধের বিবরণ নয়; এর একটি নৈতিক ব্যাখ্যাও রয়েছে।

 

মানুষের ভেতরে লোভ, হিংসা, অহংকার, অসহিষ্ণুতা ও ক্ষমতার অপব্যবহার অশুভ প্রবণতা হিসেবে কাজ করে। সমাজে দুর্নীতি, প্রতারণা, সাম্প্রদায়িক বিদ্বেষ ও দুর্বলের ওপর নির্যাতনও সেই অশুভেরই প্রকাশ। দেবী দুর্গার হাতে অস্ত্র থাকার তাৎপর্য এখানেইÑঅন্যায়ের সামনে নিষ্ক্রিয় থাকা কোনো মহৎ গুণ নয়। অন্যায়কে প্রশ্রয় দিলে তা আরও শক্তিশালী হয়। পরিবারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে কিংবা রাষ্ট্রীয় জীবনে অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে ন্যায়সংগত অবস্থান নিতে হবে। ব্যক্তিগত স্বার্থের কারণে অন্যায়কে মেনে নেওয়া এবং নিজের সুবিধার জন্য নীতির সঙ্গে আপস করা বন্ধ করতে না পারলে অসুরবধের প্রতীকী শিক্ষা পূর্ণতা পাবে না। তবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম মানে প্রতিহিংসা নয়। এর অর্থ সত্যের পক্ষে দাঁড়ানো, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানুষের মর্যাদা রক্ষা করা।

 

মহানবমীর শিক্ষা প্রতিশোধের নয়, ন্যায় প্রতিষ্ঠার। বাংলাদেশের সামাজিক জীবনে দুর্গোৎসবের একটি স্বতন্ত্র স্থান রয়েছে। গ্রাম থেকে শহর, ছোট পূজাম-প থেকে বড় আয়োজনÑসর্বত্র এই উৎসবকে ঘিরে মানুষের মিলন ঘটে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে উৎসবের পরিসর বিস্তৃত হয়। সম্প্রীতির প্রকৃত মূল্যায়ন কেবল উৎসবের কয়েক দিনের সৌহার্দ্য দিয়ে করা যায় না। সংখ্যালঘু মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার এবং নির্ভয়ে জীবনযাপনের নিশ্চয়তা দিয়েই সম্প্রীতির বাস্তব চিত্র বোঝা যায়।

 

দুর্গাপূজার সময় শুভেচ্ছা বিনিময় যেমন প্রয়োজন, তেমনি সারা বছর প্রতিবেশীর অধিকার রক্ষা করাও জরুরি। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন অবহেলা, বৈষম্য কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একইভাবে সব ধর্মের মানুষেরও উচিত পরস্পরের বিশ্বাসের প্রতি সম্মান দেখানো এবং বিভেদ সৃষ্টিকারী অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকা। ধর্মীয় উৎসবের প্রকৃত সার্থকতা তখনই, যখন তার আনন্দ অন্য মানুষের জন্যও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়ে ওঠে। সম্প্রীতি কোনো আনুষ্ঠানিক স্লোগান নয়; এটি ন্যায়, সমান অধিকার ও পারস্পরিক শ্রদ্ধার চর্চা।

 

মহানবমীর আবেগের আরেকটি দিক হলো বিদায়ের অনুভূতি। সারা বছরের অপেক্ষার পর পাঁচ দিনের উৎসব যেন মুহূর্তেই শেষ হয়ে আসে। ম-পের আলো, ঢাকের বাদ্য, ধুনুচি নাচ, অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো সময় মানুষের মনে স্মৃতি হয়ে থাকে। নবমীর সন্ধ্যায় সেই আনন্দের মধ্যেই জন্ম নেয় বিচ্ছেদের বেদনা। দেবীর বিদায় আমাদের জীবনের একটি সাধারণ সত্যও মনে করিয়ে দেয়Ñকোনো আনন্দ চিরস্থায়ী নয়, কোনো প্রাপ্তিই স্থায়ীভাবে ধরে রাখা যায় না। কিন্তু বিদায় মানেই সবকিছুর সমাপ্তি নয়। উৎসব শেষ হলেও তার শিক্ষা, স্মৃতি ও প্রেরণা মানুষের সঙ্গে থেকে যেতে পারে। তাই দেবীকে বিদায় জানানোর আগে নিজের জীবন ও সমাজের দিকে ফিরে তাকানো প্রয়োজন।

 

বুধবার বিজয়া দশমীতে দেবীর বিসর্জন হবে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উৎসবের সমাপ্তি ঘটবে। কিন্তু বিসর্জনের অর্থ যদি কেবল প্রতিমাকে জলে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে পূজার শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। মানুষের ভেতরের হিংসা, বিদ্বেষ, অহংকার ও অন্যায় প্রবণতাকে বিসর্জন দেওয়ার সংকল্পও নিতে হবে। অন্যথায় প্রতি বছর একই আচার ফিরে আসবে, অথচ সমাজের অসংগতি থেকে যাবে আগের মতোই। আজ মহানবমী। ভক্তরা দেবীর চরণে পুষ্প নিবেদন করবেন, প্রার্থনা করবেন পরিবার ও সমাজের মঙ্গল কামনায়। সেই প্রার্থনার সঙ্গে যুক্ত হোক আরও একটি অঙ্গীকারÑঅন্যায়ের প্রতিবাদ করব, নারীকে মর্যাদা দেব, দুর্বলের পাশে দাঁড়াব এবং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের অধিকারকে সম্মান করব।

 

দেবী দুর্গার আরাধনার প্রকৃত সার্থকতা কেবল ম-পের আলোয় নয়, মানুষের বিবেকের জাগরণে। মহিষাসুরবধের কাহিনি তখনই জীবন্ত হয়ে উঠবে, যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ এবং ন্যায়ের পক্ষে অবস্থান আমাদের দৈনন্দিন জীবনের অংশ হবে।মহানবমী তাই বিদায়ের বেদনার পাশাপাশি আত্মশুদ্ধি ও নতুন শপথের দিন। দেবী ফিরে যাবেন, উৎসব শেষ হবে, ঢাকের শব্দ থেমে যাবে। কিন্তু শক্তির আরাধনা যেন থেমে না যায়। কারণ যে সমাজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখে, নারীর মর্যাদা রক্ষা করে এবং সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চায়, সেই সমাজেই শুভ শক্তির প্রকৃত বিজয় সম্ভব।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

 

Ads small one

বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মার্কেটের মালিকদের নামে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ প্রদানের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দীন মাহমুদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে দক্ষিণ পলাশপোল নিউ মার্কেট মোড় এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ আলিফ হোসেনের পক্ষে আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম রিট পিটিশনটি দাখিল করেন। পিটিশন নম্বর ১২৭৭৮/২০২৬।

নথি সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) মহাসড়ক এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯৪ নম্বর পলাশপোল মৌজার বিআরএস ৫৯২৬, ৫৯০৫, ৫১৩৪, ৫০১৩, ৪৫৮৭, ২৬১৬, ১৫৩৭ ও ১৩৫২ নম্বর খতিয়ানের ১৭০২৮ নম্বর দাগের মোট ০.৩৭৫০ একর জমির মধ্যে সম্মুখ অংশের ০.০৯১০ একর থেকে ০.০৫৯০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ জন্য এলএ কেস নম্বর ০৬/২০২৪-২৫।

অধিগ্রহণ করা ০.০৫৯০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৪ লাখ ৬৬৬ টাকা এবং অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম জানান, অধিগ্রহণ করা জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ থাকায় হুকুমদখল আইন অনুযায়ী সালিশকারক নিয়োগের জন্য রিটকারী আলিফ হোসেন সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিগ্রহণ করা সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

জিপি অসীম, পিপি সাত্তার, বিশেষ পিপি ভুট্টো, আকবর ও আশরাফ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিভিন্ন আদালতে সরকারি আইনজীবী পদে ব্যাপক রদবদল করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে নতুন করে সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত ও সহকারী সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে।

১০ নভেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ অধীনস্থ আদালতগুলোতে আগে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে তাঁদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং লিগ্যাল রিমেমব্রান্সার্স ম্যানুয়াল, ১৯৬০-এর বিধান অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হয়েছেন অসীম কুমার মণ্ডল এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন শেখ আব্দুস সাত্তার। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে কামরুজ্জামান (ভুট্টো) ও অতিরিক্ত পিপি শাহানা ইমরোজ। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে আকবার আলী ও অতিরিক্ত পিপি ফেরদৌসী আরা।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে শেখ আলমগীর আশরাফ নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালে অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে হাসনাত মুনির, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে শামীমা পারভীন (মিঠু) ও জি. এম. ফিরোজ আহমেদ।

দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন তোজাম্মেল হোসেন তোজাম, গোলাম গণি (দুদু), মোস্তফা জামান, মো. সাইফুল আলম (সরদার সাইফ), এ. বি. এম. ইমরান (শাওন), মো. আলতাফ হোসেন, শেখ আবু সাইদ রাজা, মিজানুর রহমান বাপ্পী, মো. জালাল উদ্দীন (২), মো. আব্দুল জলিল (৩), মো. মহিতুল ইসলাম, মো. নুরুল ইসলাম, আশাফ উদদৌলা (সুমন), রবিউল ইসলাম, সৈয়দ রেজোয়ান আলী, আসাদুর রহমান বাবু, এস. এম. সালাউদ্দীন, মো. শাহিনুজ্জামান (শাহীন), শেখ ই. জে. এস. হাসীব, এ. বি. এম. আনিসুজ্জামান (আনিস), এ. বি. এম. সেলিম ও আরিফুর রহমান আলো।

সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল মালেক, মেহেদী হাসান, শেখ আলাউদ্দীন, মো. এবাদুল হক ও অগ্রদূত দেবনাথ।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম, তারিক ইকবাল অপু, উম্মে হাবিবা রূপা, ফাতিমা ফারজানা ফেরদৌসী, শফিকুল ইসলাম (৩), শেখ জাহিদুর রহমান, মো. আবুল হাসান, আলহাজ এস. এম. ইব্রাহিম, শেখ আমিনুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম খোকন, মো. খোরশেদ আলম ডালিম, মো. আজাদ আলী, জাকারিয়া আহমদ, মো. সোহরাব হুসাইন, মো. জিয়াউর রহমান, শেখ আব্দুস সাত্তার (২), এস. এম. আজিজুল হক, মো. আব্দুস সালাম, মো. আকরাম আলী, শেখ মাহমুদুল হাসান জিকো ও মো. নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজসহ সংশ্লিষ্ট দপ্তরে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

দেশে চলমান নাশকতাকারীদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তবে অপরাধী ধরার নামে কোনো নিরীহ মানুষকে হয়রানি বা শুধু সন্দেহের ভিত্তিতে আটক না করারও নির্দেশ দেন তিনি।

গত তিন দিনের নাশকতার প্রেক্ষাপটে মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দফতরের মর্নিং মিটিংয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি। বৈঠকে সদর দফতরের অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনাররা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভায় সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দেশের ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ফার্মগেট, পল্লবী ও সদরঘাট এলাকায় বাস ও মিনিট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। চট্টগ্রাম নগরীতেও একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থানে বিস্ফোরণের সময় এবং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তাদের অধিকাংশই ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অথবা অর্থের বিনিময়ে নাশকতার কাজে যুক্ত হয়েছেন বলে পুলিশের ধারণা।

পুলিশ সদর দফতরের দুজন কর্মকর্তা ও একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছে আমার দেশ। তারা জানান, আইজিপি নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারে গুরুত্ব দিয়েছেন। শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করা যাবে না। নির্দিষ্ট তথ্য, অপরাধে সম্পৃক্ততা ও তদন্তের ভিত্তিতে গ্রেফতার নিশ্চিত করতে বলেছেন তিনি। নিরীহ মানুষ যেন কোনোভাবেই পুলিশের অভিযানের শিকার না হন, সে বিষয়েও বিশেষ সতর্কতা দিয়েছেন।

একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন আইজিপি। পুলিশ কর্মকর্তারা বলছেন, নাশকতার ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হচ্ছে।