শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের টানা দ্বিতীয় জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের টানা দ্বিতীয় জয়

পত্রদূত ডেস্ক: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এ টানা দ্বিতীয় জয় পেয়েছে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। শুক্রবার (২৭ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ৯ উইকেটে হারিয়েছে সাতক্ষীরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিজানুর রহমান সর্বোচ্চ ৩১, রাগিব নেহাল ২২, আতিফ আদনান ১৬ ও আশফাক মাশফি ১৫ রান করেন। সাতক্ষীরার তামিম ইকবাল ২৫ রানে ৪টি এবং হাসিবুর রহমান ৩৭ রানে ৩টি উইকেট নেন। এ ছাড়া আজনাত আব্দুল্লাহ, তানভীর হাসান ও ফাহিম হাসান আর্কো একটি করে উইকেট পান।

জবাবে ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সাতক্ষীরা। দলের পক্ষে মো. সালমান আফ্রিদি ৯৮ বলে ১০টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন। রুহান আহমদ সবুজ অপরাজিত ৩৫ এবং মো. নাফিস আনজুম ১৪ রান করেন।

অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন সাতক্ষীরার মো. সালমান আফ্রিদি।

দলের সঙ্গে প্রধান প্রশিক্ষক মুফাচ্ছিনুল ইসলাম তপু, সহকারী প্রশিক্ষক ফজলুল করিম ও ম্যানেজার মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর একই ভেন্যুতে মাগুরা জেলা অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে মাঠে নামবে সাতক্ষীরা।

সংক্ষিপ্ত স্কোর:
মেহেরপুর অনূর্ধ্ব-১৮: ১৩৬ (৪৮.৩ ওভার)
সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮: ১৩৭/১ (২৮.১ ওভার)
ফল: সাতক্ষীরা ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মো. সালমান আফ্রিদি (সাতক্ষীরা)।

Ads small one

সীমান্তে পাহারা জোরদারের আহ্বান কাজী আলাউদ্দীনের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
সীমান্তে পাহারা জোরদারের আহ্বান কাজী আলাউদ্দীনের

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। তিনি বলেছেন, কালিগঞ্জের উকশা, গোবিন্দপুরসহ সীমান্তবর্তী এলাকায় সবাই মিলে পাহারা দিতে হবে, যাতে দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীরা দেশে প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। প্রয়োজনে সীমান্তে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। বক্তব্য দেন মোবাচ্ছের হোসেন পলাশ, সাইলুজ্জামান খান ও মো. ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন।

কাজী আলাউদ্দীন তাঁর বক্তব্যে বিগত ১৬ বছরের শাসনামলে দুর্নীতি, গুম, খুন, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার থানা সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নিজ অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণ করলেন ব্যবসায়ী শিবপদ মণ্ডল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
নিজ অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণ করলেন ব্যবসায়ী শিবপদ মণ্ডল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়নে এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে ২০০ ফুট দীর্ঘ একটি আরসিসি সেতু ও ছয়টি ইটের রাস্তা নির্মাণ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মণ্ডল।

শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক গ্রামের বাসিন্দা শিবপদ মণ্ডল নিজে উপস্থিত থেকে ছালুবুনিয়া ও নুনিয়াপাড়া সংযোগ খালিয়ার খালের ওপর নির্মিত সেতুর ঢালাই কাজ সম্পন্ন করেন। এ সেতু নির্মাণের ফলে নুনিয়াপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের উপজেলা সদর, স্কুল-কলেজে যাতায়াত সহজ হবে। আগে এসব এলাকার মানুষকে নৌকা ও ভাসমান ভেলার মাধ্যমে খাল পার হতে হতো।

সেতুর পাশাপাশি তিনি ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি ইটের রাস্তা নির্মাণ করেছেন। এতে এলাকার শত শত পরিবারের চলাচলের দুর্ভোগ কমবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সুকুমার বাছাড়, আশীষ কুমার সরদার, দীপা মণ্ডল ও প্রতিবন্ধী নীল কমল সেতু নির্মাণে যাতায়াত ও শিক্ষার্থীদের চলাচলে সুবিধা হবে বলে জানান। সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সবার সহযোগিতা করা উচিত।

মৎস্য ঘের, পোনা ও কাঁকড়া ব্যবসায়ী শিবপদ মণ্ডল পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতি। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে নির্মাণকাজে কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করছেন বলেও এলাকাবাসীর অভিযোগ।

শিক্ষাসামগ্রী বিতরণ ও যুব ঐক্য পরিষদের সদর উপজেলা-পৌর কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
শিক্ষাসামগ্রী বিতরণ ও যুব ঐক্য পরিষদের সদর উপজেলা-পৌর কমিটি গঠন

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদর উপজেলা ও পৌরসভা কর্মী সমাবেশে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। সভাপতিত্ব করেন জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত কুমার ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপ্পা দাস।

সদর উপজেলা কমিটিতে দেবদাস সেনকে আহ্বায়ক ও তাপস বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন প্রদীপ মণ্ডল, মিলন কুমার রায় ও দিবস কর্মকার। পৌর কমিটিতে বাঁধন ঘোষকে আহ্বায়ক, মিলন দাশ ও দিলীপ মণ্ডলকে যুগ্ম আহ্বায়ক, শ্রীমজুমদারকে সদস্য সচিব এবং সঞ্জয় সাধুকে সদস্য করা হয়েছে।

নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের তালিকা জেলা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে উজ্জ্বল সাধু ও শ্রীদাম দেকে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক দায়বদ্ধতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।