বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

আন্তজার্তিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। ১০০ আসনের সিনেটে প্রয়োজনীয় ৫১টি আসন নিশ্চিত করে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি পেয়েছে ৩৯টি আসন। বাকি আসনগুলোর ফলাফল এখনো ঘোষণা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার নির্বাচনি ফলাফল পর্যবেক্ষণকারী লাইভ ট্র্যাকার থেকে এ তথ্য জানা গেছে।

সিনেটের পাশাপাশি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। ৪৩৫ আসনের এই কক্ষে দলটি ১৬৮টি আসনে জয় পেয়েছে এবং আরও ৯৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা জয় পেয়েছে ১০৫টি আসনে এবং এগিয়ে রয়েছে ৫৮টিতে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন। ফলে দুই কক্ষেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে ডেমোক্র্যাটদের।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, মূল্যস্ফীতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে জনঅসন্তোষ নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে যাওয়ার অন্যতম কারণ। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, গুরুত্বপূর্ণ নিয়োগ ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ট্রাম্প প্রশাসনের বাকি মেয়াদে রাজনৈতিক চাপ আরও বাড়বে। ফলে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে বিরোধী দল আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।

Ads small one

সাতক্ষীরার ভোমরায় বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ, মুচলেকা দিলেন অভিভাবকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
সাতক্ষীরার ভোমরায় বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ, মুচলেকা দিলেন অভিভাবকেরা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে প্রশাসন। এ ঘটনায় মেয়েটির অভিভাবকদের বাল্যবিবাহের আইনগত দিক ও শাস্তির বিধান সম্পর্কে অবহিত করা হয়। পরে তাঁরা বিয়ের উদ্যোগ থেকে সরে এসে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নেবেন না বলে মুচলেকা দেন।

ঘটনাটি উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের। আগামী শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে মেয়েটির বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছিল। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক কাওসার আজিজের নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত সার্বিক পরিস্থিতি সমন্বয় করেন।

বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেন সাকিবুর রহমান বাবলা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষাকর্মী আফসার সুলতানা ও বাশিয়ার রহমান, সিডব্লিউসিএসের লিয়াজো কর্মকর্তা রুহুল আমিন, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান ও বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন ও এর শাস্তির বিধান সম্পর্কে জানান।

জানা গেছে, মেয়েটির সঙ্গে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম সরদারের ছেলে সুমন হোসেন শামীমের বিয়ে ঠিক করা হয়েছিল। শামীম একটি মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন।

এ সময় অভিভাবকদের মেয়ের বয়স, শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো বোঝানো হয়। মেয়েটিকেও প্রাথমিক মনোসামাজিক কাউন্সেলিং করা হয়। পরে অভিভাবকেরা বিয়ের উদ্যোগ বন্ধ রাখার অঙ্গীকার করে মুচলেকা দেন। উপজেলা প্রশাসন থেকেও এ বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সুন্দরবনে দুই বনদস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ, পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
সুন্দরবনে দুই বনদস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ, পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের ফুলতলা খালে জাহাঙ্গীর বাহিনী ও মিন্টু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক জেলে। এ সময় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত পাঁচ জেলের মধ্যে দুজন পালিয়ে লোকালয়ে ফিরতে সক্ষম হয়েছেন। বাকি তিনজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খালে এ ঘটনা ঘটে।

ফিরে আসা জেলে মোস্তফা মোড়ল জানান, বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাঁকেসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। তাঁর সঙ্গে থাকা ওসমান মোড়লও লোকালয়ে ফিরে এসেছেন।

তবে অপহৃত অপর তিন জেলে কামরুল গাজী, মাছুম গাজী ও ইব্রাহীম গাজীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁদের সবার বাড়ি কয়রা উপজেলার ভাগবা গ্রামে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বিষয়টি তাঁরা জেনেছেন। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চালানো হবে।

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরায় ভিডিও কনফারেন্স

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরায় ভিডিও কনফারেন্স

পত্রদূত ডেস্ক: শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার সফল করতে সাতক্ষীরায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাওছার আজিজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ঘোষণা করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু, সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুখ, সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার এবং সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস তরুণদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ একটি আয়োজন। এর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের বিকল্প নেই। সভায় অনুষ্ঠান সম্প্রচারের কারিগরি প্রস্তুতি ও সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।