লাইসেন্স সুবিধা সহজ করার দাবি বিপিএইচসিডিএ নেতাদের
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর রাতে শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের যমুনা হলে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই সভা হয়।
সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল রাজা, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক ডা. মোস্তফা কামাল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহসভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, সহসভাপতি কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালার আলোকেই ক্লিনিক ব্যবসা পরিচালনা করা হবে। তবে সহজ শর্তে লাইসেন্স প্রক্রিয়া বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
পাশাপাশি যারা নীতিমালা অমান্য করে লাইসেন্স ছাড়াই ক্লিনিক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা আরও উল্লেখ করেন, নতুন নীতিমালায় সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে ক্লিনিক না রাখার নির্দেশনাটি পুনর্বিবেচনা করা উচিত এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা নিবন্ধিত ক্লিনিকগুলোর ক্ষেত্রে এটি শিথিল করার দাবি জানান।









