শিবপুরে এমএসপি ও এমএনপির দ্বি-মাসিক সমন্বয় সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এমএসপি) ও মানবাধিকার নারী পরিষদের (এমএনপি) দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়োজিত সভায় শিবপুর মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক সিয়াম সরদার ও মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক মোছা. খাদিজা খাতুন সভাপতিত্ব করেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষায় সদস্যদের করণীয় এবং স্থানীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মানবাধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বদেশ সংস্থার বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির আওতায় ‘এনগেজনাও’ প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। সভায় স্বদেশ সংস্থার নাগরিকতা কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।









