শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন ও তথ্য যাচাই-বাছাইবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শ্যামনগরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা প্রকৌশলী এস এম সেলিম রেজা। কর্মশালায় বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের প্রকৌশলী সাকিব হাসান মূল বিষয়বস্তু উপস্থাপন করেন।
সভায় শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) পিয়ার উদ্দিন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মুনির, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলার গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, যোগাযোগের গুরুত্ব এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আয়োজকেরা জানান, সঠিক তথ্যভিত্তিক নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে ভবিষ্যতে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও বাস্তবসম্মত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।












