সাইবার অপরাধ প্রতিরোধ ও আইসিটি কমিটির সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি এবং জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
সভায় বিগত মাসের সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আইসিটি কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত দত্ত, সদর উপজেলা প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আনিসুর রহমান এবং সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের লিডার শেখ মাহবুবুল হক।
সভায় ইন্টারনেটে সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখা, অনলাইন অপতথ্য ও গুজব প্রতিরোধ, সাইবার অপরাধসংক্রান্ত মামলায় আইটি বিশেষজ্ঞদের মতামত গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাইবার নিরাপত্তা কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত আইটি প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কনটেন্ট প্রচারের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি অপতথ্য ও কনটেন্ট শনাক্তকরণ, জেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের রোবটিকস কর্নার এবং ১২০টি আইসিটি ল্যাবের কার্যক্রম নিয়মিত তদারকি করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীরা যাতে ল্যাব ব্যবহারের আরও বেশি সুযোগ পায় এবং তাদের উদ্ভাবনী ধারণাগুলো সংরক্ষণ ও মূল্যায়ন করা যায়, সে বিষয়েও রূপরেখা তৈরি করা হয়। পুরো সভা দুটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী কমিশনার নাফিউল ইসলাম।






