শ্যামনগরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা
আদর্শ ছাত্রসমাজ গঠনে পাঠদানের পাশাপাশি নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত করার ওপর তাগিদ
শ্যামনগর প্রতিনিধি: আদর্শ সমাজ গঠনের জন্য শ্রেণীকক্ষে চিরাচরিত পাঠদান ছাড়াও নৈতিকতা এবং বিবেকবোধ জাগ্রত করার বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশের পাশাপাশি বিতর্ক ও বইপড়া প্রতিযোগিতার আয়োজন করা জরুরি। শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক হতে হবে সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থীদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিভাবকদের অবহিত রাখতে হবে। মোবাইল ও ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষকদেরও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিয়ে নিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ ও প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব বক্তব্য উঠে আসে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকেরা জানান, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কাক্সিক্ষত পর্যায়ে নেওয়া যাচ্ছে না। সন্তানদের বিষয়ে অভিভাবকদের উদাসীনতা দেখা যাচ্ছে। এমনকি ছুটির পর দীর্ঘ সময় পরিবারের সান্নিধ্যে থাকার পরও অসঙ্গতের কারণে অনেক শিক্ষার্থী বিপথগামী হচ্ছে, যার প্রভাব পড়ছে সমাজে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কাঁঠালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আজহারুল ইসলাম, চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন হোসাইন, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, জোবেদা সোহরাব মডেল একাডেমীর আব্দুস সাত্তার, জয়নগর মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মোজাফফর হোসেন ও তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের মনোদ্বীপ ম-ল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সারিত বিন সফিক এবং প্রেসক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনির। সভায় আলোচনা করা হয়, বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে শিক্ষকেরাও এর সঙ্গে যুক্ত থাকেন। এর পাশাপাশি শিশুশ্রমিক বৃদ্ধি পাওয়ার বিষয়টি উঠে আসে। সমাজ থেকে অনিয়ম দূর করতে হলে শ্রেণীকক্ষের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে।
সভাপতি শামসুজ্জামান কনক বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ভালো ফল পেতে হলে শিক্ষকদের আগে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সময়ানুবর্তিতার প্রতি নজর দেওয়ার পাশাপাশি শুধু নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানে পার করার মানসিকতা থেকে বেরিয়ে এসে ভবিষ্যৎ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি।










