সম্পাদকীয়/ উপকূলের নারী শ্রমিকের নীরব লড়াই ও টেকসই সুরক্ষার দাবি
প্রকৃতির বৈরী আচরণ আর ভৌগোলিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলগুলোর মানুষ জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সুন্দরবনের ওপর নির্ভরশীল শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার মানুষের জীবনজীবিকার গতিপথ অনেকটাই নির্ধারিত হয় জোয়ার-ভাটার টানে। তবে প্রজনন ও জীববৈচিত্র্য সুরক্ষায় বন বিভাগের পাঁচ মাসের বাৎসরিক নিষেধাজ্ঞা এবং ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ বন্দিশা কাল উপকূলের অর্থনীতিকে স্থবির করে দেয়। এই দীর্ঘ ছুটির সময়গুলোতে বিকল্প উপার্জনের অভাব পুরুষদের কর্মহীন করে তোলে, যার পরোক্ষ চাপে পরিবারের দিনযাপনের মূল দায়িত্বটি এসে পড়ে নারীদের কাঁধে।
নিষেধাজ্ঞাকালীন অর্থনৈতিক দুর্যোগ উপকূলীয় নারীদের শ্রমে যুক্ত হওয়ার সুযোগ বাড়ালেও তা এক অন্যায্য ও বৈষম্যমূলক বাস্তবতাকে উন্মোচিত করছে। পুরুষের সমপরিমাণ কিংবা কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করেও নারীরা পাচ্ছেন প্রায় অর্ধেক মজুরি। এই কম মজুরির সুযোগ নিয়ে একশ্রেণির ঘেরমালিক ও স্থানীয় নিয়োগকর্তারা নারী শ্রমিকদের শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। শ্রমের এমন অসম মূল্যায়ন কেবল মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থীই নয়, বরং উপকূলের অর্থনৈতিক নিরাপত্তাকে আরও দুর্বল করে তুলছে।
অন্যদিকে, সংকটকালীন সরকারি সহায়তা বা ভিজিএফ চাল দেওয়ার যে প্রক্রিয়া চালু রয়েছে, সেখানেও রয়ে গেছে সমন্বয়হীনতার বড় ঘাটতি। জেলায় প্রকৃত জেলের সংখ্যার তুলনায় নিবন্ধিত ও সহায়তাপ্রাপ্তদের তালিকা অত্যন্ত অপ্রতুল। শুধু সরকারি চাল দিয়ে যে একটি পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণ সম্ভব নয়Ñএই সত্যটি নীতিপ্রণেতাদের উপলব্ধিতে আসা প্রয়োজন। চালের পাশাপাশি অন্যান্য মৌলিক পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকলে অসচ্ছল জেলে পরিবারগুলো দাদন ও ঋণের জালে আবদ্ধ হতে বাধ্য হয়।
উপকূলের নদী ও বনের ওপর থেকে অতিরিক্ত চাপ কমাতে প্রজননকালীন নিষেধাজ্ঞা অত্যন্ত জরুরি হলেও তা যেন সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারকে বিপন্ন না করে। মৎস্য, খাদ্য ও বন বিভাগের মধ্যে সুনির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে প্রকৃত বনজীবী ও জেলেদের একটি সমন্বিত তথ্যভা-ার তৈরি করা দরকার। সহায়তার ব্যাপ্তি বাড়ানোর পাশাপাশি নারীদের কাজের ক্ষেত্রে সমমজুরি নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি জোরদার করা সময়ের দাবি। একই সঙ্গে, জলবায়ু অভিযোজনের আওতায় অনাসৃষ্টির সময়ে বিকল্প কর্মসংস্থানের টেকসই ব্যবস্থা গড়ে না তুললে এই মানবিক সংকট প্রতিবছরই নতুন রূপ ধারণ করবে।









