সাতক্ষীরায় কোরবানির পশু চাহিদার চেয়ে ১৮ হাজার বেশি
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় কোরবানির পশুর সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি রয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, স্থানীয় চাহিদা মিটিয়েও এবার জেলায় প্রায় ১৮ হাজার পশু উদ্বৃত্ত থাকবে। তবে পশুখাদ্যের চড়া দামের কারণে বিনিয়োগ তুলে আনা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সাতক্ষীরার ১২ হাজার ৮৯৪টি খামারে কোরবানির জন্য পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরুর সংখ্যা ৪৯ হাজারের বেশি, ছাগল ৪৪ হাজার এবং ভেড়া রয়েছে ৬ হাজার। গত বছরের তুলনায় এবার পশুর উৎপাদন ২ থেকে ৩ শতাংশ বেড়েছে।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীর বলেন, “জেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত আছে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধ থাকায় দেশি খামারিরা ভালো বাজার পাবেন বলে আশা করছি। অবৈধ পথে গরু আসা রোধে কঠোর নজরদারি রয়েছে।”
ভারতীয় গরু না আসায় বাজার পাওয়ার সম্ভাবনা থাকলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা কাটছে না খামারিদের। তালা উপজেলার খামারি শামীম সরদার জানান, গমের ভুসি, ভুট্টা ও সয়াবিন খৈলসহ সব ধরনের পশুখাদ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। ফলে পশুর দাম আশানুরূপ না হলে লোকসানের মুখে পড়তে হবে।
একই কথা জানান পাটকেলঘাটার খামারি প্রভাষ ঘোষ। তাঁর খামারে বড় আকারের দুটি গরু রয়েছে, যেগুলোর দাম ধরেছেন ৮ লাখ টাকা। বাজারে বড় গরুর ক্রেতা পাওয়া যাবে কি না, তা নিয়ে তিনি অনিশ্চয়তায় আছেন।
অনিশ্চয়তার মধ্যেও অনেক খামারি দেশি পদ্ধতিতে গরু লালন-পালন করে লাভের আশা করছেন। বকচরা গ্রামের খামারি আব্দুল আজিজ জানান, তাঁর ১০টি গরুকে দেশি ঘাস ও প্রাকৃতিক খাবার দিয়ে বড় করছেন। এতে খরচ কিছুটা কম হওয়ায় তিনি লাভের আশা করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশি পশুর উৎপাদন বাড়ায় এখন কোরবানির জন্য বিদেশি পশুর ওপর নির্ভরতা অনেকটাই কমেছে। এটি গ্রামীণ অর্থনীতির জন্য ইতিবাচক হলেও পশুখাদ্যের বাজার নিয়ন্ত্রণ করা না গেলে ক্ষুদ্র খামারিরা নিরুৎসাহিত হতে পারেন।









