রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জননিরাপত্তার সংকট: জবাবদিহি কোথায়?

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় জননিরাপত্তার সংকট: জবাবদিহি কোথায়?

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
‎বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই প্রথম সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি এতবেশি অবনতির দিকে গিয়েছে। যেখানে প্রতিদিন প্রকাশ্যে দিবালোকে খুন, জবরদস্তি জমি দখল, সন্ত্রাস, গণপিটুনি, ধর্ষণ, গণধর্ষণ, শিশু ধর্ষণ, মাদক ও চোরাকারবার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা সাতক্ষীরার মানুষের নিত্যদিনের জীবনসংগ্রামের অংশ হয়ে দাঁড়িয়েছে।

‎অথচ সাতক্ষীরা বাংলাদেশের এমন একটি জেলা, যেখানে ধর্মীয় মূল্যবোধের কথা বলে মানুষের ভোট নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু নির্বাচিতরা ক্ষমতায় যাওয়ার পর সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধীদের গ্রেপ্তার এবং অপরাধ দমনে কার্যকর কোন ভূমিকা রাখতে দেখা যায় না।
‎নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী, জেলার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, শিশু ও নারী নির্যাতন দমন, হত্যা ও সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং সাতক্ষীরাকে একটি শান্তিপূর্ণ মডেল জেলা হিসেবে গড়ে তোলার কথা বারবার বলা হয়। কিন্তু নির্বাচনের পর আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধিদের দৃশ্যমান কোন ভূমিকা না থাকা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁরা কি নিজেদের আখের গোছাতেই ব্যস্ত, নাকি জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও তাঁদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে? আজ সাতক্ষীরার সাধারণ মানুষ উদ্বেগ, উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অথচ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নিয়ন্ত্রণের মতো ভয়াবহ সমস্যা থেকে জেলার মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি কোথায়?

‎বিগত ২৪ মাসে সাতক্ষীরা জেলার ৮টি থানা এলাকায় ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক সংঘাত এবং ঘের দখলকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মোট হত্যাকান্ডের ঘটনায় এই দুই বছরে সাতক্ষীরা জেলায় প্রায় ৭৫টি মামলা রুজু হয়েছে। হাতে তুলে নেওয়ার জঘন্য প্রবণতা এই সময়ে সবচেয়ে বেশি দেখা গেছে। জেলায় অন্তত ১৪টি গণপিটুনির ঘটনা ঘটেছে। ২০২৬ সালের অক্টোবরে সাতক্ষীরা সদরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সামগ্রিকভাবে এই ২৪ মাসে জেলায় ৩৮টি শিশু ধর্ষণের ঘটনা নথিবদ্ধ হয়েছে।

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রায় ১,৩০০টি মামলা দায়ের হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও পুলিশের যৌথ অভিযানে এই দুই বছরে সাতক্ষীরা সীমান্ত থেকে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন এবং ভারতীয় পণ্যসহ ১১০ কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ঘের ও জমি দখলকে কেন্দ্র করে ছোট-বড় প্রায় ২৫০টির বেশি সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে।

সাতক্ষীরার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্বের অংশ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাকের অভিযোগ উঠেছে। তার জবাব জনগণ তাঁদের কাছ থেকে প্রত্যাশা করেন। জেলার সাধারণ মানুষ জানতে চান-হত্যা, গণপিটুনি, ধর্ষণ, মাদক, চোরাচালান ও জবরদখল বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে কী কার্যকর উদ্যোগ নেওয়া হবে? সাতক্ষীরার মানুষ শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন চান। তাঁরা এমন একটি জেলা চান, যেখানে নারী ও শিশু নিরাপদে চলাফেরা করতে পারবে, মানুষ নির্ভয়ে বসবাস করতে পারবে, জমি ও মৎস্য ঘেরের মালিকেরা তাঁদের সম্পদের নিরাপত্তা পাবেন এবং অপরাধীরা রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কোনো ধরনের ছাড় পাবে না।
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সমাজকর্মী ও উদ্যোক্তা।

Ads small one

সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদে এখন সোনালি ধানের হাসিমুখ। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নিবিড় পরিচর্যা ও পরামর্শে চলতি মৌসুমে উপকূলীয় এই জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। একদিকে মাঠজুড়ে সোনালি ফসলের সমারোহ এবং কৃষকের ঘরে নতুন ধান তোলার ব্যস্ততা আনন্দদায়ক হলেও অন্যদিকে বাজারে ধানের কাক্সিক্ষত দাম না পাওয়ায় কৃষকদের মুখে নেমে এসেছে উদ্বেগের ছায়া। একদিকে উৎপাদন খরচের ঊর্ধ্বগতি, অন্যদিকে তুলনামূলক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়াÑএই দুইয়ের যাঁতাকলে পড়ে দেশের অন্ন জোগানদাতা কৃষকরা আজ বড় বিপাকে পড়েছেন।

চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের এই বাম্পার ফলন প্রমাণ করে যে এ অঞ্চলের কৃষকদের শ্রম ও নিষ্ঠার কোনো কমতি নেই। তবে এই সাফল্যের পেছনেও রয়েছে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ। বিশেষ করে কৃত্রিম জলাবদ্ধতার কারণে জেলার বিভিন্ন উপজেলার অন্তত ১ হাজার ৭০২ হেক্টর জমি অনাবাদি থেকে গেছে। বছরের পর বছর জলাবদ্ধতা নিষ্কাশনের টেকসই ব্যবস্থা না থাকায় শত শত হেক্টর উর্বর কৃষিজমি চাষের বাইরে থেকে যাচ্ছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় অশনিসংকেত। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে কৃষির এই অর্জন হুমকির মুখে পড়তে পারে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রাপ্তি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি মণ মোটা ধান ১ হাজার টাকা এবং চিকন ধান ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বর্তমান বাজারে সার, বীজ, কীটনাশক, সেচ ও কৃষি শ্রমিকের মজুরিসহ সব উপাদানের দাম বহুগুণ বেড়েছে। অনেক কৃষক চড়া সুদে ঋণ নিয়ে কিংবা জমি ইজারা নিয়ে চাষাবাদ করেছেন। বর্তমান বাজারদরে ধান বিক্রি করলে শুধু লাভের মুখ দেখাই নয়, বরং উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। কৃষকের এই আর্থিক হতাশা দীর্ঘস্থায়ী হলে তা আগামী বোরো বা পরবর্তী মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু কেবল ফলন বৃদ্ধিই যথেচ্ছ নয়; বরং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা রাষ্ট্রের সর্বাগ্রে দায়িত্ব। ধান উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কৃষকরা যদি তাঁদের পরিশ্রমের সঠিক মূল্য না পান, তবে কৃষিকাজ থেকে তাঁদের আগ্রহ কমে যাওয়ার শঙ্কা থাকে।

এমতাবস্থায়, কৃষকদের রক্ষায় সরকারের পক্ষ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের প্রক্রিয়া আরও গতিশীল ও স্বচ্ছ করা প্রয়োজন। প্রান্তিক ও প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরাসরি তাঁদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় নিশ্চিত করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটতে না পারে। একই সঙ্গে সাতক্ষীরার জলাবদ্ধতা কবলিত ১ হাজার ৭০২ হেক্টর জমি দ্রুত চাষের উপযোগী করতে স্থায়ী নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্নদাতাদের মুখে স্থায়ী হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা টেকসই রাখতে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি কৃষি ভর্তুকি ও প্রণোদনা আরও কার্যকর করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

 

 

 

আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বেউলা গ্রামের আমানুর হোসেনের ছেলে ইমন হোসেন, মুন্না শেখের ছেলে রিয়াদ হোসেন ওরফে আতিক এবং কুলতিয়া গ্রামের অজিত ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়।

শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

 

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহমেদ ইমন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর বাবা শাহাজান কবির পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শার্শা থানা পুলিশ। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের শাহজাহান সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তাঁর বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল উইনসেরেক্স ও ২০ বোতল ইস্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ইমনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শাহাজান কবিরকে আটকের চেষ্টা চলছে।