শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সংবাদদাতা: সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা, র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।
র‌্যালি শেষে জেলা প্রশাসক কাউসার আজিজ নিজেই উপস্থিত থেকে পৌরসভার সহযোগিতায় রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। একই সাথে পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজ নিজ আঙিনা ও চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সম্মিলিত সচেতনতাই পারে সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।”

অনুষ্ঠানে পৌরসভার কার্যক্রম ও নাগরিক সচেতনতা প্রসঙ্গে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পৌর কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। তবে কেবল পৌরসভার প্রচেষ্টাই যথেষ্ট নয়; দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে আমরা ডেঙ্গুমুক্ত সুন্দর একটি বাংলাদেশ ও পরিচ্ছন্ন সাতক্ষীরা উপহার দিতে পারব।”

পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার তুলে ধরে বলেন বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এসি বা ফ্রিজের জমা পানি নিয়মিত পরিষ্কার করা এবং দিনে-রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের জন্য সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

উক্ত পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম ও কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। এছাড়াও সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনের সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Ads small one

ভোমরা বন্দরে দুইমাসে প্রায় ২২ হাজার টন টমেটো আমদানি, তারপরও কমছে না দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
ভোমরা বন্দরে দুইমাসে প্রায় ২২ হাজার টন টমেটো আমদানি, তারপরও কমছে না দাম

এম শফিকুল ইসলাম: চলতি ২০২৬-২৭ অর্থবছরে দুই মাসের (জুলাই-আগস্ট) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৩৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৭২৩ টি ট্রাকে ২১ হাজার ৯১৪ মেট্রিকটন টমেটো আমদানি হয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভোমরা বন্দর থেকে খালাস হওয়া টমেটোর সিংহভাগ চালান সরাসরি দেশের অন্যান্য জেলায় চলে যাচ্ছে। ফলে সাতক্ষীরার স্থানীয় হাট-বাজার সরবরাহ তেমন বাড়েনি। উল্টো সরবরাহ ঘাটটির অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে টমেটোর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

 

বাজার ঘরে দেখা গেছে, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকায়। আর পাইকারি বাজারে প্রতি কেজির দাম ৮০ টাকা থেকে ৯০ টাকা। পঁচনশীল পণ্য হওয়ায় বেশি দিন মজুদ রেখে বিক্রি করা সম্ভব হয় না বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। পৌঁছে যাওয়ার আগেই বিক্রি করতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়।

ভোমরা বন্দরের একজন আমদানিকারক জানান, দেশের বাজারে টমেটোর প্রচুর চাহিদা থাকায় সরকার আমদানির উপর ১৩ শতাংশ শুল্কায়ন নির্ধারণ করে দেয়। আগে প্রতি কেজি টমেটো আমদানিতে ২৭ শতাংশ শুল্ক আরোপ ছিল। বর্তমানে প্রতি কেজিতে ১৪ শতাংশ শিল্প কমিয়ে ১৩ শতাংশ শুল্ক নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে শুল্ক কমিয়ে আনার পথ থেকে আমদানি কারক ব্যবসায়ীরা টমেটো আমদানিতে আগ্রহী হয়ে ওঠে।

 

অনুমোদনপ্রাপ্ত আমদানিকারক ব্যবসায়ীরা প্রায় প্রতিদিন ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে টমেটো আমদানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কাস্টমস হাউসের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, বাণিজ্য পরিচালনয়ে অগ্রগতি, উন্নয়ন ও সাফল্যের সমন্বয়ে ভোমরা স্থলবন্দর একটি ব্যবসা বান্ধব স্থান দখল করে নিতে সক্ষম হয়েছে। বিশেষ করে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য অগ্রগতি দেশের অর্থনৈতিক পরিমন্ডলে নতুনভাবেই মূল্যায়িত হচ্ছে।

 

 

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপভোগে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্যরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপভোগে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্যরা

নিজস্ব প্রতিনিধি: পাহাড়-মেঘ, নদীর স্বচ্ছ জলরাশি, পাথর আর সবুজের মেলবন্ধনে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের মাধ্যমে সুন্দর অঞ্চলের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য খুঁজতে সিলেট অঞ্চল ভ্রমণ করেছেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের একটি প্রতিনিধি দল।

শিক্ষা সফরের অংশ হিসেবে শুক্রবার ও শনিবার সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেছেন তারা। এই সফরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দেশের ভিন্ন অঞ্চলের পরিবেশ ও জনজীবন সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন তারা।

শুক্রবার সকালে সিলেট পৌঁছালে তাদের স্বাগত জানান সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। এরপর প্রথমেই নৌকায় করে লালাখালের সৌন্দর্য উপভোগ করেন তারা। লালাখালের স্বচ্ছ নীল জলধারা, পাহাড় ও সবুজের সমারোহ তাদের মুগ্ধ করে।

এরপর তারা যান জাফলংয়ে। খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে পিয়াইন নদীর স্বচ্ছ পানি ও পাথুরে সৌন্দর্য উপভোগ করেন সাংবাদিকরা। পরে স্থানীয়ভাবে পরিচিত ‘আগুন পাহাড়’ দেখার পর হযরত শাহপরান (রহ.) ও হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালেই প্রতিনিধি দলের সদস্যরা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছান। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর স্বচ্ছ জলধারা এবং নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা পাথর আর মেঘালয় পাহাড়ের সৌন্দর্যে মেতে ওঠেন তারা। প্রকৃতির এই বৈচিত্র‌্যময় রূপ সফরকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। সাদা পাথর থেকে দুপুরে তারা যান গোয়াইনঘাটের রাতারগুল জলাবনে। নৌকায় করে জলাবনের নীরব প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে সেখানে কিছু সময় কাটান তারা।

সফরকারীদের জেলা সাতক্ষীরার মানুষের জীবন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো দুর্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেই উপকূল থেকে সিলেটের পাহাড়, নদী ও জলাবনের ভিন্ন পরিবেশে এই সফর সাংবাদিকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করেছে।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্যরা জানান, শিক্ষা সফরের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়েছে।

সফরকারী দলে নেতৃত্ব দেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (এনপিবি/ঢাকাটাইমস), নির্বাহী সদস্য (অর্থ) বিপ্লব হোসেন (মানবজমিন), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), তানজির কচি (বাংলানিউজ), আসাদুজ্জামান (বাংলাট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), ইব্রাহিম খলিল (ঢাকাপোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে), মৃত্যুঞ্জয় রায় (বার্তা টুয়েন্টিফোর), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) ও হাবিবুল হাসান (পত্রদূত)।

 

 

 

কেশবপুরে মশলা জাতীয় ফসল হলুদ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
কেশবপুরে মশলা জাতীয় ফসল হলুদ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে

Exif_JPEG_420

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলায় চলতি বছর মশলাজাতীয় ফসল হলুদের ব্যাপক চাষ হয়েছে। বাজার মূল্য বেশি থাকায় চাষিদের মধ্যে এ মশলা জাতীয় হলুদ চাষে আগ্রহ বেড়েছে।

উপজেলার বন্যামুক্ত উঁচু এলাকা বাগদহা, মির্জাপুর, শ্রীফলা, প্রতাপপুর, বায়সা, কমলাপুর, গড়ভাঙ্গা, বেলকাটি, সাগরদত্তকাটি, মঙ্গলকোট, বসুন্তিয়া ও কেদারপুর, মোমিনপুর, কাবিলপুর, হাসানপুর, চাদড়া, মির্জানগর, বরনডালি, গোপালপুর, জাহানপুর, ভালুকঘর, বেগমপুর এলাকায় জমিতে এই মশলাজাতীয় কৃষিজাত পণ্য হলুদের ব্যাপকহারে চাষ হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, হলুদ রোপণে খরচ একেবারে সীমিত। বীজভেদে কাঠাপ্রতি খরচ হয় মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। আর উৎপাদন হয়ে থাকে কাঠাপ্রতি ৫ থেকে ৭ মন। কাঁচা হলুদ প্রকারভেদে বিক্রয় হয়ে থাকে ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা মন দরে। বর্তমান বাজারে প্রতি কাঠায় সর্বনিম্ন লাভ হয় ২ হাজার ৪০০ টাকা থেকে ৪ হাজার টাকা। হলুদ চাষের সময় কাল ৯ মাস।

বিভিন্ন এলাকায় যেয়ে দেখা যায় কৃষকের হলুদ বাগান সবুজ গাছে মাঠ পরিপূর্ণ হয়ে উঠেছে।
ভালুকঘর গ্রামের হলুদ-চাষী সোহরাব হোসেন বলেন ভালো পরিচর্যার করতে পারলে অন্য ফসলের চেয়ে অনেক বেশি লাভবান হওয়া যায়। সে জন্য আমি প্রতি বছর হলুদ চাষ করি।
খরচের তুলনায় বেশী লাভ হওয়ায় অনেকেই এখন হলুদ চাষে আগ্রহী হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বছর এ উপজেলায় হলুদ চাষ হয়েছিল মাত্র ৬৭০ বিঘা জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১২০ বিঘা, যা গত বছরের তুলনায় অনেক বেশী।

হলুদ চাষ লাভজনক হওয়ায় এই চাষের প্রতি আগ্রহী করতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। যার ফলে দিন দিন হলুদের আবাদ বৃদ্ধি পাচ্ছে।