মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় ড্রেনের ময়লা রাস্তায়: বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনেই, দুর্ভোগে এলাকাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ড্রেনের ময়লা রাস্তায়: বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনেই, দুর্ভোগে এলাকাবাসী

সংবাদদাতা: সাতক্ষীরা পৌরসভার কাটিয়া লস্কার পাড়া এলাকা সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের চরম উদাসীনতায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেন পরিষ্কার করা হলেও সেই ময়লা যথাসময়ে অপসারণ না করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে লস্কারপাড়া এলাকার প্রধান ড্রেনটি পরিষ্কার করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। তবে ড্রেন থেকে তোলা পচা কাদা ও ময়লা-আবর্জনা ড্রেনের পাশেই রাস্তার ওপর স্তূপ করে রেখে যাওয়া হয়। দীর্ঘদিন পার হয়ে গেলেও সেই ময়লা সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ।

বর্তমানে বর্ষার মৌসুমে বৃষ্টির ফলে রাস্তার পাশে জমে থাকা এই ময়লা ধুয়ে পুনরায় ড্রেনেই গিয়ে পড়ছে। এতে একদিকে যেমন ড্রেন পরিষ্কারের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিকে বৃষ্টির পানিতে ময়লা-আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়ে চরম দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করছে। রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের পচা কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

দেখা যাচ্ছে যে, দীর্ঘ রাস্তা জুড়ে ড্রেন থেকে তোলা ভেজা কাদা ও আবর্জনার স্তূপ রাস্তার একপাশ দখল করে আছে, যা ড্রেনের ভেতরেই ধসে পড়ার উপক্রম হয়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই আবর্জনার স্তূপ অপসারণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করা হোক। পৌরসভার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের দ্রুত প্রতিকার চান ভুক্তভোগী সাধারণ মানুষ।

Ads small one

রোটারী ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি কাজল ও সেক্রেটারি সিএম নাজমুল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
রোটারী ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি কাজল ও সেক্রেটারি সিএম নাজমুল

সংবাদদাতা: রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি হয়েছেন মোঃ আখতারুজ্জামান কাজল ও ক্লাব সেক্রেটারি হয়েছেন সিএম নাজমুল ইসলাম।

 

সোমবার (২৯ জুন) রাতে শহরের একটি রেস্টুরেন্টে লিডারশিপ ট্রানজিশন ২০২৬-২৭ অনুষ্ঠান ও রেগুলার মিটিংয়ে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, এনছান বাহার বুলবুল, ওয়ালীউর রহমান, পিপি সৈয়দ হাসান মাহমুদ, মাহমুদুল হক, আশরাফুল করিম ধনী, মোঃ মশিউর রহমান বাবু, মাগফুর রহমান, কামরুজ্জামান বুলু, নাসিমা খাতুন, মোঃ নুরুল হক, মোঃ শহীদুর রহমান, এস এম মিজানুর রহমান, গোলাম রসুল, শেখ মাসুদ পারভেজ, কর্ণ বিশ্বাস কেডি, শেখ মেহেদী হাসান প্রমুখ।

 

রেগুলার মিটিং শেষে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি ও ক্লাব সেক্রেটারিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাঃ মোঃ কামরুজ্জামান রাসেল।

 

সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

পত্রদূত ডেস্ক: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি সাতক্ষীরার আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।

২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী জাত) বীজ ও সার, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে চারা, খুঁটি ও জৈব সার, লেবু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারা ও জৈব সার এবং গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড-শাকসবজি (কলমি শাক, লাউ, চাল কুমড়া, পুঁইশাক, বেগুন, শসা, মিষ্টি কুমড়া) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ করা হয়।

 

এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ৬ হাজার নারিকেলের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

 

 

কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় কৃষি ঋণ বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক যোগ্য আবেদনকারী ঋণ পাচ্ছেন না। অন্যদিকে প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে কিছু ব্যক্তি সহজেই বড় অঙ্কের ঋণ পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, শাখার কয়েকজন কর্মকর্তা ও তাদের ঘনিষ্ঠদের মাধ্যমে ঋণ বিতরণে প্রভাব বিস্তার করা হচ্ছে। এতে প্রকৃত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন।
জয়নগর এলাকার কৃষক মুজিবার রহমান বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েও দীর্ঘদিন ধরে ঋণের জন্য ঘুরছেন। এখনো তিনি ঋণ পাননি।

কলারোয়া পৌরসভার ব্যবসায়ী গোলাম রসুলের অভিযোগ, প্রকৃত প্রয়োজন থাকা অনেক আবেদনকারীকে নানা অজুহাতে অপেক্ষা করানো হচ্ছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লাঙ্গলঝাড়া এলাকার মাহবাবুর রহমান বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কৃষক সময়মতো ঋণ পাচ্ছেন না। এর প্রভাব কৃষি উৎপাদনের ওপরও পড়ছে।

জালাবাদের হাবিবুর রহমানের ভাষ্য, নিয়ম মেনেই আবেদন করলেও ঋণ অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে বলে তাঁর মনে হয়েছে।
হেলাতলার আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, কৃষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের কারণে অনেকেই হতাশ হয়ে পড়ছেন।

কুশোডাঙ্গার বাবলু ইসলাম বলেন, অনেক প্রকৃত কৃষক ও ব্যবসায়ী ঋণ না পেলেও তুলনামূলক কম সম্পদ দেখিয়ে কিছু ব্যক্তি বড় অঙ্কের ঋণ পাচ্ছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। বিষয়টি তদন্ত হওয়া উচিত।

ভুক্তভোগীদের দাবি, শতাধিক কৃষক ও ব্যবসায়ী তাদের যোগ্যতা অনুযায়ী ঋণ পাচ্ছেন না। কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ঋণ নবায়ন ও বিতরণের অভিযোগ করেছেন তারা। অভিযোগে বলা হয়েছে, ঘুষ ছাড়া অনেক ক্ষেত্রে ঋণ অনুমোদন করা হয় না। প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও বিভিন্ন অজুহাতে আবেদনকারীদের মাসের পর মাস ঘোরানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কলারোয়া বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার মুখ্য কর্মকর্তা মো. জালাল উদ্দীন। তিনি বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন। যারা ঋণের জন্য আবেদন করেছেন, তাদের কাগজপত্র ঠিক থাকলে নিয়ম অনুযায়ী ঋণ দেওয়া হয়েছে। ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে ঋণ দেওয়া হয় না।