বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় পটগানে মানব পাচার প্রতিরোধের ডাক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পটগানে মানব পাচার প্রতিরোধের ডাক

নিজস্ব প্রতিনিধি: আবহমান বাংলার লোকজ সংস্কৃতি পটগান। আর সেই গানের সুরে সুরেই এবার ফুটে উঠল মানব পাচারের করুণ আখ্যান আর নিরাপদ অভিবাসনের স্বপ্ন। সোমবার (১৩ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী পটগান প্রদর্শনী। লক্ষ্য—সাধারণ মানুষকে মানব পাচারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ প্রবাসযাত্রার পথ দেখানো।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে শিল্পীরা পটের ছবির মাধ্যমে তুলে ধরেন কীভাবে দালালের খপ্পরে পড়ে সাধারণ মানুষ অজানার পথে পা বাড়ায় এবং পাচারকারীদের হাতে নিগৃহীত হয়। পাচার থেকে ফিরে আসা নারী ও পুরুষদের জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো গানের কথায় ও চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। উপস্থিত দর্শকরা পিনপতন নীরবতায় শোনেন সেই যন্ত্রণার গল্প আর প্রতিরোধের উপায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক তথ্যের অভাব আর অতি মুনাফার লোভে পড়ে অনেকেই মানব পাচারের ফাঁদে পা দিচ্ছেন। আইনি জটিলতা আর ভাষার প্রতিবন্ধকতার কারণে বিদেশের মাটিতে তারা মানবেতর জীবন যাপন করেন। তাই সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য পটগানের মতো গ্রামীণ সাংস্কৃতিক মাধ্যম অত্যন্ত কার্যকর।
প্রদর্শনীতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে রূপান্তরের কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. মাহবুবুর রহমান এবং সিটিআইপি অ্যাক্টিভিস্ট আল আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান। আয়োজক সংস্থা রূপান্তরের প্রতিনিধিরা জানান, সাতক্ষীরার মতো সীমান্ত জেলাগুলোতে মানব পাচারের ঝুঁকি বেশি। তাই জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পর্যায়ক্রমে এই পটগান প্রদর্শনী অব্যাহত রাখা হবে।

Ads small one

তালায় সিএসএস-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
তালায় সিএসএস-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

 

তালা প্রতিনিধি: মানবিক উন্নয়ন সংস্থা খ্রিষ্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) উদ্যোগে তালায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
গত ২৪ জুন সকালে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএসএস-এর খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএস খুলনা জোনের জোনাল ম্যানেজার মো. শফিকুল ইসলাম এবং তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসএস তালা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. আমিরুল ইসলাম।
এমআরএ-এর নির্দেশনা মোতাবেক অনুষ্ঠানে ৬জন অত্যন্ত মেধাবী ও কৃতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা স্মারক, উপবৃত্তি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

 

মৎস্য ব্যবসায়ী দীপক ম-লের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
মৎস্য ব্যবসায়ী দীপক ম-লের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসকে অভির বড় ভাই এবং স্থানীয় বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী দীপক ম-লের (৬০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেবহাটা রিপোর্টার্স ক্লাব।
গত ২৩ জুন রাত পৌনে ৯টার দিকে ধোপাডাঙ্গা গ্রামের নিজ বাসভবনে উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীপক ম-লের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়নসহ ক্লাবের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও পরিবারের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

 

ছবি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘের দখল ও হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
ছবি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘের দখল ও হয়রানির অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরার বকচরা গ্রামে বিএনপির এক প্রভাবশালী নেতার সঙ্গে তোলা ছবি ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে মাছের ঘের জবরদখল, হামলা এবং মিথ্যা মামলার অভিযোগ উঠেছে আবতাফুজ্জামান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই সন্ত্রাসী কর্মকা-ের প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও সাতক্ষীরার পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী আমজাদ আলী।
লিখিত অভিযোগে আমজাদ আলী উল্লেখ করেন, একই গ্রামের কওছার আলীর ছেলে আবতাফুজ্জামান দীর্ঘদিন বিদেশে থাকার পর গত ৫ আগস্টের পর দেশে ফেরেন। দেশে ফিরেই তিনি জেলা বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে ছবি তুলে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার শুরু করেন এবং একটি নিজস্ব বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর সহযোগিতায় আবতাফুজ্জামান ও তাঁর ভাইয়েরা আমজাদ আলীর ২০ বছরের পুরোনো মাছের ঘের দখলের চেষ্টা চালান। গত ১৩ ফেব্রুয়ারি আমজাদ আলীকে মারধর করা হলে আদালতে একটি নন-জিআর মামলা হয়। সেই ঘটনা আড়াল করতে ১৬ ফেব্রুয়ারি উল্টো আমজাদ আলীর বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা মামলা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ৫ মে আবতাফুজ্জামান দলবল নিয়ে আমজাদ আলীর ১ একর ৯ শতক আয়তনের ঘেরের অংশ বেড়িবাঁধ দিয়ে দখলে নেন এবং মাছ লুট করেন। এরপর গত ৮ জুন রাতে ওই ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলা হয় এবং উল্টো আমজাদ ও তাঁর ভাইদের নামে মিথ্যা মামলা (জিআর-২৪০/২৬) দেওয়া হয়। এই জমি দখলের বিষয়ে আগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামও ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া গত ১৬ জুন রাতেও এলাকায় অন্য কয়েকজন বাসিন্দার ওপর হামলা ও হুমকির অভিযোগে থানায় পৃথক তিনটি ডায়েরি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবতাফুজ্জামান দাবি করেন, তিনি ১৭ বছর এলাকায় না থাকার সুযোগে আমজাদ আলী তাঁদের জমি দখল করে রেখেছিলেন, যা তিনি প্রশাসনের সহায়তায় উদ্ধার করেছেন। ঘেরে মাছ মারার ঘটনায় তিনি নিজেই মামলা করেছেন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অন্য সব অভিযোগ মিথ্যা।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শহর আলী ও আলাউদ্দিন জানান, কম্বোডিয়ায় লোক পাঠানো ও আর্থিক লেনদেন নিয়ে স্থানীয় শুকুর আলীর সঙ্গে আবতাফুজ্জামানের পূর্ববিরোধ রয়েছে। গত ১৭ জুনের অভিযোগসহ সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখে আপস-মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।