সাতক্ষীরা ৩৩ প্রাইমারী শিক্ষার্থীর জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন
সংবাদদাতা: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ কাব স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে সাতক্ষীরা জেলার ৩৩ জন কাব স্কাউট। ২০২৫ সালের জাতীয় পর্যায়ের মূল্যায়নে জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ গৌরব অর্জন করে।
বাংলাদেশ স্কাউটসের কাব শাখায় অসামান্য দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমাজসেবামূলক কর্মকা-ে অংশগ্রহণের ভিত্তিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বিভিন্ন পারদর্শিতা ব্যাজ অর্জন এবং সাঁতার দক্ষতাসহ নির্ধারিত শর্ত পূরণ করেই কাব স্কাউটরা এ স্বীকৃতি লাভ করে।
জানা গেছে, সাতক্ষীরা সদর, কলারোয়া, শ্যামনগর ও তালা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর মধ্যে সদর উপজেলার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।
কলারোয়া উপজেলার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া শ্যামনগরের খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী এ সম্মাননা পেয়েছে। তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তালিকায় স্থান পেয়েছে।
শিক্ষক ও অভিভাবকরা বলছেন, এ অর্জন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে আরও উৎসাহ জোগাবে। একই সঙ্গে জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।
শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাতক্ষীরা সদরের শিক্ষার্থীরা: আয়েশা সিদ্দিকা, অদিতি রায়, রিজিত মজুমদার ঋদ্ধি, আরিফ বিল্লাহ, জারিন সুবাহ, রনবীর দত্ত, ফারিদুত তাসনীম, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল তাসনিয়া, মো. সাদিক হাসান, মোছা. জান্নাতী ও মাহির মুস্তাহিদ শান।
কলারোয়া: আজমাইন আদিল রাইয়্যান, রাশীদ আরিফ, নাসিফ এস মাহী ও মোছা. তাসনিম জারিন।
শ্যামনগর: সুবাইতা মারজানা, ওয়ারদা সাবাহাত, সানজিদা মাহমুদ, মরিয়াম ইসলাম, শারফিয়া মরিয়ম, মারিয়াম হোসেন, মো. মিয়ারাজ হোসেন ও সাজ্জাদুল শরীফ সেজান।
তালা: মো. জোহাইর আলফি, ফাহিম মুনতাছির তাসিন, দামিনী হালদার, মো. তাওহিদ মাসুম, টুসু সরকার, অজিত কুমার মন্ডল, সুবীদ কুমার মন্ডল, হিমেশ মন্ডল ও সৌমী পাল।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা জেলার জন্য গর্ব বয়ে এনেছে। স্কাউটিং শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের এ ধরনের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে কাজ করা হবে।”












