সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া: হাবিব
আরিফ মাহমুদ, কলারোয়া: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শহীদ জিয়া সাধারণ মানুষের হৃদয় জয় করে গণমানুষের প্রিয় নেতা হয়েছিলেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি প্রভাবশালী ছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। মিথ্যা মামলায় সুস্থ অবস্থায় কারাগারে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বের হন তিনি। শহীদ জিয়া ও খালেদা জিয়ার জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিশ্বে বিরল।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের চেষ্টা করছেন। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণের মতো কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন শুরু করেছেন। তিনি সাদামাটা জীবনযাপন করেন।
জামায়াতের সমালোচনা করে হাবিব বলেন, একটি গুপ্ত দল বেহেশতের টিকিট বিক্রি করে সহজ-সরল মানুষকে বিভ্রান্ত করেছে। দলের কিছু নেতাকর্মীর কারণে গত জাতীয় সংসদ নির্বাচনে কলারোয়ায় বিএনপি পরাজিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত সদস্য ও চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, রবিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, মাস্টার শাহাজাহান আলী, নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুবদল নেতা খোকন ও আলতাফ, স্বেচ্ছাসেবক দল নেতা দিলু ও কারিম এবং ছাত্রদল নেতা শাহাজাহান সাজু, আবির হোসেন ও জিএম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।









